Home খেলাধুলা টানা তৃতীয়বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

টানা তৃতীয়বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

14


স্পোর্টস ডেস্ক

ম্যাচ টাইব্রেকারের দিকেই যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন উসমান দেম্বেলে। মোনাকোকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।


রবিবার গতবারের লিগে রানার্সআপ হওয়া মোনাকোর মুখোমুখি হয় পিএসজি। যেখানে কাতারের দোহা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে পিএসজি। বিপরীতে মোনাকোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।

অবশেষে যোগ সময়ের দ্বিতীয় মিনিটে দেম্বেলের গোলে খরা কাটে। ফাবিয়ান রুইসের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।