Home খেলাধুলা উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

55


স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। উইমেন’স চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ সিরিজে দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। তবে ছুটি নেওয়ায় অভিজ্ঞ জাহানারা আলমকে পাচ্ছে না বাংলাদেশ।

এই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। তার বদলি হিসেবে লতাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। এছাড়া ওয়ানডেতে ফেরার তালিকায় আছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম।

ফারজানা হক ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। ২০২৩ সালের মে মাসের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি ৩১ বছর বয়সী ব্যাটার। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা মারুফা আক্তার ও সুলতানা খাতুনকেও ফেরানো হয়েছে ক্যারিবিয়ান সফরের দলে।

এদিকে বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ এই সফর। ভারতে অনুষ্ঠেয় সামনের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত করতে হবে এই সিরিজ থেকে। যেখানে আপাতত লড়াই নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে।

নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে কিউইরা। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বাংলাদেশ। আর ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সামনের সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের। বাকি দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও হোয়াইট ফার্নসদের টপকে নিগার সুলতানা জ্যোতির দল পাবে বিশ্বকাপের টিকেট।

এই সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ তারিখ হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার, মারুফা কাতার।

ওয়ানডেতে ফিরলেন: লতা মন্ডল ও ফারিহা ইসলাম

ওয়ানডে থেকে বাদ: জাহানারা আলম, রিতু মনি

টি-টোয়েন্টিতে ফিরলেন: মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক

টি-টোয়েন্টি থেকে বাদ: রিতু মনি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস