স্পোর্টস ডেস্ক
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ অনূধ্ব-১৯ নারী দল। আজ সোমবার কলম্বোয় স্বাগতিকদের ১২৫ রানের জবাবে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় দেশের যুবা নারীরা।
বাজে ব্যাটিংয়ের চার ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে গেল সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নিশিতার ঘূর্ণিতে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে চাপ বাড়তে দেননি দাহামি সেনেথমা ও মানুদি নানায়াক্কারা। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়ে তোলেন ৫৯ রানের জুটি। ২৫ রান করে সেনেথমা ফিরে গেলে রাশমিকা সেওয়ান্দির সঙ্গে জুটি বাধেন নানায়াক্কারা। তাদের ৩৪ বলে জুটিতে আসে ৩৮ রান। নানায়াক্কারা খেলেন ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ রানের ইনিংস। ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন রাশমিকা। সুমুদু নিসানসালা খেলেন ৮ বলে ১৩ রানের ক্যামিও।
৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৭ রানে ২ উইকেট নেন অফস্পিনার নিশিতা।
১২৬ রানের লক্ষ্যে পাওয়ার প্লের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের পাঁচ ব্যাটার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সাদিয়া আক্তার ১৮ ও ফারজানা ইয়াসমিনের ১০ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমে কিছুটা।
লংকানদের পক্ষে ৩টি করে উইকেট নেন প্রাভোদা মুনাসিংহে ও আসেনি থালাগুনে।











































