স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাণের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দফায় ইংলিশ জায়ান্টদের হয়ে খেলেছেন তিনি। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দলটির হয়ে খেলেই সিআর সেভেন হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে আবার ২০২১-২০২২ মৌসুমে লাল জার্সি পরেছিলেন রোনালদো। শেষ বার ক্লাব ছাড়েন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জন্যই। কর্মকর্তাদের বিরুদ্ধে সেই রোগ এখনও রয়েছে রোনালদোর।
এবার ম্যানইউর বিরুদ্ধে আবার সরব রোনালদো। সাবেক ক্লাবের ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন কর্তৃপক্ষের উপর। সিআর সেভেনের অভিযোগ, কর্তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বার বার কোচদের বলির পাঁঠা করছে। একই সঙ্গে তিনি আশাবাদী তার আর এক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে নিয়ে।
শুক্রবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে আবার ম্যানচেস্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলেছেন পর্তুগালের অধিনায়ক।
রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল, ম্যান ইউ কি ইপিএল জেতার দৌড়ে ফিরতে পারবে? উত্তরে তিনি বলেন, ‘কঠিন। বিশ্বের সবচেয়ে কঠিন লিগ হল ইপিএল। দেড় বছর আগে যা বলেছিলাম, আজও একই কথা বলব। ম্যান ইউয়ের সমস্যা ম্যানেজার (কোচ) নয়। সমস্যাটা একই রয়েছে। একটা উদাহরণ দিতে পারি, সেটা হল ক্লাবের পরিবেশ এখন অনেকটা অ্যাকোরিয়ামের মতো।’
উদাহরণের ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আপনি যদি অ্যাকোরিয়াম থেকে একটি অসুস্থ মাছকে বের করে এনে তাকে সুস্থ করতে চান তা হলে এক রকম। তাকে আবার অ্যাকোরিয়ামে ছেড়ে দিলে সে তো আবার অসুস্থ হয়ে পড়বে। ম্যান ইউয়ের সমস্যাও অনেকটা একই রকম। সমস্যা কোচ নয়। আরও বড় সমস্যা রয়েছে।’
আপনাকে দায়িত্ব দিলে কী সমস্যার সমাধান হবে? রোনালদো বলেছেন, ‘১০০ শতাংশ হবে। আমার ক্লাবের মালিক হলে সমস্যার সমাধান করতাম। যেগুলি খারাপ সেগুলো বন্ধ করার চেষ্টা করতাম।’
একই সঙ্গে রোনালদো বলেছেন, ‘আমার বয়স বেশি হয়নি। অনেক পরিকল্পনা রয়েছে আমার। এখনও অনেক স্বপ্ন রয়েছে। তবে একটা কথা বলতে পারি, ভবিষ্যতে কোনও একটা বড় ক্লাবের মালিকানা কিনবই।’
এদিকে ম্যানইউর সমালোচনা করলেও রিয়ালের প্রশংসা করেছেন রোনালদো। তাকে প্রশ্ন করা হয় চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে কাদের এগিয়ে রাখছেন? তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে যদি কোনও ক্লাব নিয়ে বাজি ধরতে হয়, তা হলে রিয়াল মাদ্রিদের কথা বলব। মৌসুমের শুরুর দিকে রিয়ালকে নিয়ে কেউই হয়তো ভাল কিছু আশা করেনি। কিন্তু এখন ওরা বার্সেলোনাকেও পিছনে ফেলে দিয়েছে। বার্নাব্যুতে খেলতে সব দলই ভয় পায়। আসলে মাঠটার একটা ব্যাপার আছে।’











































