স্পোর্টস ডেস্ক
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আগামীকাল সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দল দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রথম দফায় বিপিএলের খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে ম্যাচ অনুষ্ঠিত হবে।
খেলা শুরুর আগেরদিন আজ রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্যালারির অবস্থানের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা দামে কেনা যাবে টিকিট। অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে যা কেনা যাবে।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১১ ধরনর টিকিট ছেড়েছে তারা। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট আপার ও লোয়ার গ্র্যান্ড স্টান্ডের। সর্বনিম্ন ২০০ টাকা দামের টিকিট ইস্টার্ন গ্যালারির। এছাড়া ৩০০ টাকা দামে কেনা যাবে নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিট। ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ও ক্লাব হাউস সাউথের (শহীদ মোস্তাক স্ট্যান্ড) টিকিটের জন্য গুনতে হবে ৫০০ টাকা। ১০০০ টাকায় পাওয়া যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিট। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়।
টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে। যা চলমান থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে। অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।











































