স্টাফ রিপোর্টার
প্রসূতিকে পছন্দের প্রাইভেট হাসপাতালে পাঠালেও সময়মতো সেখানে যাননি চিকিৎসক। ফলে শারীরিক জটিলতায় মৃত্যু হয় নবজাতকের। এ অভিযোগ উঠেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা ইয়াসমিন লুনার বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী নাজমা আক্তার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অ্যাকাউন্টস ম্যানেজার আফসার হাসানের স্ত্রী। হাসান অভিযোগ করে বলেন, আমার স্ত্রী গর্ভধারণের পর থেকে ডা. লুনাকে দেখাই। গত ২০ নভেম্বর তাঁর চেম্বারে চেকআপের জন্য নিয়ে গেলে রোববার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সিজার করার জন্য দিন ঠিক করেন।
তিনি আরও বলেন, নির্ধারিত তারিখের দুই দিন আগে বৃহস্পতিবার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ভোর সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনে ওই চিকিৎসককে জানাই। তখন তিনি সামি প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাঁর কথায় ভোর ৬টার দিকে ওই হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডা. লুনা সময়মতো আসেননি। স্ত্রীর প্রসব বেদনা বেশি হলে সেখানকার নার্সরা নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিছু সময় পর তারা মৃত নবজাতক বের করেন।
ওই কর্মকর্তার অভিযোগ, সামি হাসপাতালের ডিউটিরত ডাক্তার আমার সামনে ডা. লুনাকে ফোন করে হাসপাতালে আসার খবরটি জানিয়েছিলেন। পরে সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে আসেন। মাত্র দুই মিনিট আমার স্ত্রীকে দায়সারাভাবে দেখে চলে যান। তাঁর অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। যাওয়ার সময় বলেন, আমি তো ভেবেছিলাম ডেলিভারি বিকেল ৫টার দিকে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ডা. ফারজানা ইয়াসমিন লুনা সাংবাদিকদের বলেন, ভোরে ওই প্রসূতির স্বামী আমাকে ফোন করে অসুস্থতার কথা জানান। তখন তিনি প্রসব ব্যথা ওঠার কথা বলেননি। ওই প্রসূতিকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়ার কথা ডিউটিরত ডাক্তার ও নার্সরাও আমাকে জানাননি। যে কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। পরে নিজ দায়িত্বে ওই নারীকে দেখতে গিয়েছি। নবজাতকের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।











































