যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান মদনপুর দাখিল মাদ্রাসার সুপার আবদুল মান্নানের ঘুষ নেওয়া ১২ লাখ টাকা খরচের বৈধতা দিয়েছেন। অভিযোগ রয়েছে, এক লাখ টাকা ঘুষের বিনিময়ে সুপারকে রক্ষা করতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার পক্ষে প্রতিবেদন দিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে। ফলে ভিন্ন কোনো দপ্তরের কর্মকর্তাকে দিয়ে পুনরায় তদন্তের দাবি উঠেছে।
উপজেলার হরিহরনগর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মুনছুর আলী ইউএনও বরাবর অভিযোগ করেছেন, মদনপুর দাখিল মাদ্রাসায় ২০২২ সালের জানুয়ারিতে ১০ শতক জমি ও ১২ লাখ টাকার বিনিময়ে দুজন কর্মচারী নিয়োগ দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেন সুপার আবদুল মান্নান ও সভাপতি আবদুল জলিল। ইউএনও নিশাত তামান্নার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান ১২ নভেম্বর নিজ কার্যালয়ে সভাপতি আবদুল জলিলের অনুপস্থিতিতে সুপার আবদুল মান্নান ও ওয়ার্ড মেম্বার মুনছুর আলীকে নিয়ে শুনানি করেন।
শুনানির সময় সুপার আবদুল মান্নান দুজন কর্মচারী নিয়োগ দিয়ে ১০ শতক জমি ও ১২ লাখ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে মাদ্রাসার প্যাডে সমুদয় টাকা খরচের লিখিত হিসাব পেশ করেন।
তবে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আবদুল জলিল বলেন, টাকার বিনিময় চাকরি দেওয়া এবং খরচের হিসাব সম্পর্কে তাকে জানানো হয়নি।
সুপারের দেওয়া খরচের হিসাবে উল্লেখ করা হয়েছে, সালেহা খাতুন মুন্নি নামের এক নারীকে আয়া পদে চাকরি দিয়ে প্রতিষ্ঠানের নামে ১০ শতক জমি ও নগদ তিন লাখ টাকা এবং হুমায়ুন কবিরকে নিরাপত্তাকর্মীর চাকরি দিয়ে নয় লাখসহ মোট ১২ লাখ টাকা নেওয়া হয়। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে দেওয়া হয় তিন লাখ, নিয়োগ বোর্ডের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকারকে ৭০ হাজার, ডিজি প্রতিনিধি ৮০ হাজার, নিয়োগ বোর্ডের সদস্য পাতন মাদ্রাসার সুপার মহাসিন আলম পাঁচ হাজার, যশোর মহিলা মাদ্রাসার সুপার ১০ হাজার, নিয়োগ বোর্ডের সদস্যদের খাওয়া খরচ ৪৭ হাজার, শিক্ষার্থীদের বনভোজন বাবদ ৫০ হাজার, ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মানীভাতা ৪৫ হাজার, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে যুবলীগের ৫০ হাজার, ইঞ্জিনচালিত ভ্যানকেনা বাবদ ৬৫ হাজার ও মাধ্যমিক অফিসের কর্মচারীদের দেওয়া হয় পাঁচ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন খাতে সমুদয় টাকা ব্যয়ের হিসাব দেন সুপার।
এই হিসাবে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি চার লাখ অনুদান নেওয়ার জন্য ঘুষ দেওয়া হয়েছে ৫০ হাজার এবং দেড় লাখ টাকা নেওয়ার জন্য প্রকৌশল বিভাগকে ঘুষ দেওয়া হয় ৮৭ হাজার টাকা। আর এসব হিসাবের বৈধতা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান ইউএনও বরাবর প্রতিবেদন দাখিল করেছেন। ইউপি সদস্য মুনছুর আলী এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে অভিযোগ করেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন এক লাখ টাকার বিনিময়ে সুপারের নেওয়া ঘুষের ১২ লাখ টাকা খরচের বৈধতা দিয়েছেন। তিনি অবিলম্বে অন্য কোনো দপ্তরের কর্মকর্তাকে দিয়ে পুনরায় তদন্তের দাবি করেছেন।
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন দাবি করেন, খরচের ভাউচার মোতাবেক তিনি সমুদয় টাকার বৈধতা দিয়ে ইউএনও বরাবর ১৯ নভেম্বর প্রতিবেদন দাখিল করেছেন।
মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, প্রতিবেদন যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।











































