Home খেলাধুলা ‘প্রিয় মাঠ’ পার্থে ভারতের কাছে নাজেহাল অস্ট্রেলিয়া

‘প্রিয় মাঠ’ পার্থে ভারতের কাছে নাজেহাল অস্ট্রেলিয়া

32


স্পোর্টস ডেস্ক

বলা হয়ে থাকে, টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং পাল্টায়। ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র পার্থ টেস্ট তার দারুণ এক উদাহরণ। ভারতকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে বড় লিডের স্বপ্ন দেখেছিল অস্ট্রেলিয়া। তবে নিজেদের প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হলে উল্টো লিড পায় ভারত। প্রথম দুই ইনিংসের ‘বোলিং পিচ’ তৃতীয় ইনিংসে গিয়েই হয়ে গেল ফ্ল্যাট উইকেট। ভারতের ব্যাটিং দাপটে ম্যাচে কঠিন চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকেই পড়ে স্বাগতিকরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৪ রান। চতুর্থ ইনিংসে পাহাড়সমান এই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এক প্রকার অসম্ভব জয় পেতে অস্ট্রেলিয়ার দরকার ৫২২ রান। ভারতের দরকার ৭ উইকেট। দুই দলের কাছে এখনো হাতে ২ দিন আছে।

দ্বিতীয় ইনিংসে ভারত তাদের ব্যাটিং দাপটের ছাপ রাখে গতকালই। কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। তৃতীয় দিনের সকালেও দাপুটে ব্যাটিং করেন এই দুজন। ২০১ রান পর্যন্ত নিয়ে যান দলের রান। ৭৭ রান করে বিদায় নেন রাহুল। দেবদূত পাডিক্কাল ২৫ রানের বেশি করতে না পারলেও দারুণ ব্যাটিং করতে থাকেন জয়সোয়াল। শেষ পর্যন্ত ৩১৩ রানের মাথায় দলের তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি। যাওয়ার আগে ২৯৭ বলে ১৬১ রান করেন তরুণ এই ব্যাটার। ১৫টি চারের সঙ্গে তার ইনিংসে ছিল ৩টি ছক্কা।

৩২১ রানের মধ্যে রিশাভ পান্ত ও ধ্রুব জুরেলকেও হারায় ভারত। তবে একপ্রান্ত আগলে পড়ে ছিলেন কোহলি। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে গড়েন ৮৯ রানের জুটি। ৪১০ রানে সুন্দর ফিরলেও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন কোহলি। রেড্ডি করেন ঝোড়ো ব্যাটিং। ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৮ রান আসে প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহকের ব্যাটে। কোহলি এরপর সেঞ্চুরি করলে ইনিংস ঘোষণা করেন জাসপ্রিত বুমরাহ।

শেষ বিকেলে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বাগতিক ব্যাটারদের এ সময়ে নাজেহাল করে ছাড়েন ভারতের পেসাররা। শুরুতেই অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বুমরাহ। এরপর খাজার সঙ্গে নাইটওয়াচম্যাচ হিসেবে মাঠে নামেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে মোহাম্মদ সিরাজের তোপে উইকেট দিতে বাধ্য হন তিনি। চারে মারনাস লাবুশেন নেমে বুমরাহর বলে এলবিডব্লিউ হলে দিনের খেলা সমাপ্ত করেন আম্পায়ার।

পার্থ অস্ট্রেলিয়ার জন্য বেশ পয়া মাঠ। অন্যান্য মাঠে গত দুই সিরিজে ভারত সাফল্য পেলেও পার্থে ছিল অসহায়। ২০০৮ সালের পর আর এই মাঠে জেতেনি ভারত। তবে, এবার অনাকাঙ্ক্ষিতভাবে হারের মুখে প্যাট কামিন্সের দল।