Home আন্তর্জাতিক ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ, নিহত ২

ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ, নিহত ২

15


অনলাইন ডেস্ক।।

ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষা করার সময় সংঘাতে দু’জন নিহত হয়েছেন। উত্তরপ্রদেশের সাম্ভাল নামক এলাকায় শাহি জামে মসজিদে রোববার সমীক্ষা করতে যায় একটি সরকারি প্রতিনিধি দল। ওই সময় স্থানীয়রা বিরোধিতা করলে সংঘাত শুরু হয়। এতে পুলিশও জড়িয়ে পড়লে নিহত হন দু’জন।

ইন্ডিয়া টুডে বলছে, সাম্ভালে অবস্থিত শাহি জামে মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল। সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মোগলরা। এ নিয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত। সেই আদেশ নিয়েই রোববার সমীক্ষা করতে যায় একটি সরকারি প্রতিনিধি দল। আদালতের নির্দেশে এই সমীক্ষা শুরু হলেও স্থানীয়দের একাংশ এই পদক্ষেপের প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে চাইলে সংঘর্ষ বাধে। কয়েকশ মানুষ পুলিশের ওপর হামলা করে বলে দাবি করেছে প্রশাসন।

বিক্ষুব্ধ জনতা পুলিশ ও প্রতিনিধি দলের দিকে পাথর ছুড়তে থাকে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। দু’জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি। কীভাবে দু’জনের মৃত্যু হয়েছে, সেটিও তারা জানায়নি।