স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও ইনজুরির কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তবে ৫০ ওভারের এই সিরিজে ফিরছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে আফগানিস্তান সিরিজে মুশফিকুর ও শান্ত চোটে পড়েছিলেন। যেখানে প্রথম ম্যাচে মুশফিক ও পরের ম্যাচে অধিনায়ক চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান।
আঙুলে মুশফিক চোট পেয়েছিলেন। আর শান্ত পড়েছিলেন কুঁচকির চোটে। তবে মুশফিক ফিরতে না পারলেও শান্ত ঠিকই ফিরছেন। আজ শনিবার বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে শান্তর পাশাপাশি ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তানজিম সাকিবও। গত অক্টোবরে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না এই পেসার। ফিটনেস পরীক্ষায় পাস করে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজে। তবে জাতীয় দলের বহরে যোগ দেয়ার আগে গায়ানা অ্যামাজনের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচের চলমান টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ওয়ানডে সিরিজকে সামনে রেখে এ সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করতে পারে বিসিবি।









































