Home খেলাধুলা চেলসি-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউ

চেলসি-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউ

16


স্পোর্টস ডেস্ক

জয়ের মুখ দেখছেই না আর্সেনাল। সোমবার রাতে হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে সেই সম্ভাবনা জাগিয়েও শেষটা সুখকর হলো না। ম্যাচের শেষের দিকে গোল শোধ করে আরও একবার আর্সেনালকে জয়বঞ্চিত করে।


গতকালের এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। আর্সেনালের হয়ে গোল দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর চেলসির হয়ে গোল শোধ করেন পেদ্রো নেতো। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়শূন্য রইল আর্সেনাল। অন্যদিকে, চেলসিরও টানা দ্বিতীয় ড্র এটি।

লন্ডন ডার্বিতে চেলসি মোট ১৭টি শট নেয়, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ১২টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে আর্সেনাল। ম্যাচের ৬০তম মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন মার্তেনেল্লি। মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত এক পাস থেকে গোলরক্ষকের পাশ দিয়ে গতিময় শটে বল জালে জড়ান ব্রাজিলের এই ফুটবলার।

এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। তবে উল্টো ৭০ মিনিটে গোল খেয়ে বসে গানাররা। বদলি নামা এনসো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে ৩০ গজ দূর থেকে আচমকা শটে গোল আদায় করেন নেতো। শেষ দিকে দুই দল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও জালের দেখা পায়নি কেউ।

এদিকে, প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় রেড ডেভিলরা। প্রথমার্ধে দলকে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। পরে আত্মঘাতী গোল করেন লেস্টারের ভিক্তর ক্রিস্তিয়ানসেন। বিরতির পর দারুণ এক গোল দেন ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেহান্দো গারনাচো।

আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলেছে ১১টি করে ম্যাচ। ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্নে স্লটের লিভারপুল। টানা দুই হারের পর ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১১ ম্যাচে পাঁচ জয়ের সঙ্গে চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো চেলসি। গোল পার্থক্যে পিছিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে নটিংহ্যাম পাঁচে ও ব্রাইটন ছয়ে। ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ইউনাইটেড।