Home খেলাধুলা বিপর্যস্ত সিটির টানা চতুর্থ পরাজয়

বিপর্যস্ত সিটির টানা চতুর্থ পরাজয়

20


স্পোর্টস ডেস্ক

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে সিটিজেনরা।


এ নিয়ে সাত দিনে তিন ম্যাচ খেলে তিনটিতেই হার দেখল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আর দীর্ঘ ও সাফল্যে ভরা কোচিং ক্যারিয়ারে সিটি কোচ পেপ গার্দিওলা টানা চার ম্যাচে পরাজয় দেখলেন। সিটির কোচ হিসেবে আগে একবারই টানা তিন হারের স্বাদ পেয়েছিলেন তিনি; এর আগে ২০১৮ সালে টানা তিন ম্যাচ হেরেছিল দলটি।

এর আগে গত ৩০ অক্টোবর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয় তারা। পরের ছয় দিনের মধ্যে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ৪-১ গোলে হেরে যায় সিটি।

শনিবার প্রতিপক্ষের মাঠে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে সিটি।

২৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সিটি। মাতেও কোভাচিচের দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে বাড়ানো থ্রু পাস ধরে শট নেন হলান্ড, গোলরক্ষক কোনোমতে বলের গতি কমালেও আটকাতে পারেননি। বল লক্ষ্যের দিকে ছুটছিল, ছুটে আসেন এক ডিফেন্ডারও; দারুণ ক্ষীপ্রতায় এগিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন নরওয়ের তারকা।

তবে বিরতির পর জ্বলে ওঠা ব্রাইটন ৭৮তম মিনিটে আর ভুল করেনি। বক্সে সতীর্থের পাস পেয়ে শট নিতে দেরি করেন ওয়েলবেক, তাতে বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেনি সিটির খেলোয়াড়রা। ছুটে গিয়ে জটলার মধ্যে থেকে নিচু শটে স্কোরলাইন ১-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো।

পাঁচ মিনিট পর আরেক বদলি খেলোয়াড়ের গোলে এগিয়ে যায় ব্রাইটন। সতীর্থের পাস বক্সে ধরে, দ্বিতীয় ছোঁয়ায় বাঁ পায়ের শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ডেনিশ মিডফিল্ডার ম্যাট ও’রাইলি।

লিগে এই হারের পর ১১ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ব্রাইটন।