স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ শিবিরে একের পর এক বাড়ছে চোটাক্রান্তের সংখ্যা। ওসাসুনার বিপক্ষে গতকালের ম্যাচে মারাত্মকভাবে আহত হন ডিফেন্ডার এদের মিলিতাও। খারাপ কিছু যে হবে সেটি ধারণা করা গিয়েছিল তখনই। সেটিই হলো। লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। করা লাগবে অস্ত্রোপচার। ফলে, তার মৌসুম মোটামুটি শেষ।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের এক প্রতিবেদনে বলেছে, মিলিতাওকে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও চোটের কারণে দীর্ঘ ২৩২ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে মিলিতাওকে। সেবার বাম হাঁটুতে চোট থাকলেও এবার সেটি ডান হাঁটুতে।
গতকাল ম্যাচের সময় ওসাসুনার এক ফুটবলার টেনে ফেলে দেন মিলিতাওকে। সেসময়ই ব্যাথায় কুঁকড়ে ওঠেন তিনি। মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। মাঠ থেকে বেরোনোর সময় ব্যথায় মুখ পর্যন্ত ঢাকতে হয় এই ডিফেন্ডারকে।
একই ম্যাচে চোট পেয়েছেন রিয়ালের আক্রমণভাগের ফুটবলার রদ্রিগো। চোট সারিয়ে উঠতে ১ মাস লাগতে পারে রদ্রিগোর। চোট পেয়েছেন লুকাস ভাসকেজও। চোট নিয়ে প্রথমার্ধ খেললেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। তিন সপ্তাহ মাঠে থাকতে হতে পারে তারও।
এর আগে মিলিতাওয়ের মতোই চোট পেয়েছেন আরেক ডিফেন্ডার দানি কারভাহাল। তাতে মৌসুম শেষ হয়ে যায় তার। সম্প্রতি অনুশীলনে ফিরলেও চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে রিয়ালের প্রধান গোলরক্ষক থিবো কুর্তোয়া। মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ডিফেন্ডার ডাভিড আলাবাও চোটাক্রান্ত। রিয়ালে এখন ডিফেন্ডার বলতে আছেন শুধু আন্টোনিও রুডিগার, ফেরলান মেন্দি ও ফ্রান গার্সিয়া। সবমিলিয়ে কার্লো আনচেলত্তির কপালে বড় চিন্তার ভাঁজ।











































