স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্স দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশেষ করে ব্যাটিংয়ে ধরা পড়েছে তাদের ভঙ্গুর অবস্থা। পাকিস্তানের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। ৩ ম্যাচের সিরিজে একটি হাফ সেঞ্চুরিও আদায় করেতে পারেননি স্বাগতিকদের কোনো ক্রিকেটার। ওয়ানডে ইতিহাসে এই প্রথম পুরো সিরিজে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের অর্ধশতকের দেখা না পাওয়ার ঘটনা ঘটল।
সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতলেও দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৪৯। হাফ সেঞ্চুরির একদম কাছে গিয়েছিলেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস। একই ম্যাচে ৪৪ রান করেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে দলটির ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে স্মিথের ব্যাটে। মাত্র ৩৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডেতে দলের সর্বোচ্চ রান আসে একজন ব্যাটারের থেকে। ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করেন শন অ্যাবোট। এমন বিপর্যয়ে তৃতীয় ওয়ানডেতে ১৪০ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের মাটিতে পাকিস্তান সিরিজ জিতল দীর্ঘ ২২ বছর পর। ২০০২ সালের জুনে এর আগে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজেও প্রথম ম্যাচে হারার পর সিরিজ জেতে ওয়াসিম আকরাম-সাঈদ আনোয়ারদের পাকিস্তান।
পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের পেসাররা। বিশেষ করে হারিস রউফ। সিরিজের ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হারিস। সিরিজসেরাও হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়। আজ তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে শাহিন ও নাসিম ৩টি করে, হারিস ২টি ও মোহাম্মদ হাসনাইন একটি উইকেট নেন। তাতে ৩১.৫ ওভারে ১৪০ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটাই এখন তাদের দলীয় সর্বনিম্ন। এর আগের ম্যাচে ১৬৩ রানে অলআউট হয়েছিল অজিরা। দুদিন আগের সর্বনিম্ন রানের সেই রেকর্ড আজ ভাঙল অস্ট্রেলিয়া।











































