Home জাতীয় পুলিশের লুট হওয়া গোলাবারুদ পাহাড়ের পাদদেশে উদ্ধার

পুলিশের লুট হওয়া গোলাবারুদ পাহাড়ের পাদদেশে উদ্ধার

22


ঢাকা অফিস
কক্সবাজারের ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে এসব গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান। সিসা ও রাবার বুলেট সমৃদ্ধ কার্তুজগুলোর গায়ে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা থাকায় এগুলো গত ৫ আগস্ট থানায় লুট হওয়া গোলাবারুদ হতে পারে বলে ধারণা করেছেন তিনি।
এ প্রসঙ্গে ওসি মছিউর জানান, পাহাড়ের পাদদেশে কিছু গোলাবারুদ দেখতে পেয়ে স্থানীয়রা জনপ্রতিনিধিকে অবহিত করেন। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম বিষয়টি পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় একটি পোটলায় ৫১টি সিসা এবং ১৬টি রাবার বুলেটসহ তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানা যায়।
এদিকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম গোলাবারুদ উদ্ধার প্রসঙ্গে বলেন, ‘সড়কে ছিনতাই ও ডাকাতি কাজে এসব গোলাবারুদ ব্যবহৃত হয়ে থাকতে পারে। পুলিশ চাইলে অপরাধীদের ধরতে সার্বিক সহযোগিতা করা হবে।’