খুলনাঞ্চল রিপোর্ট।।
‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’– চালের বাজারে দামের ধাক্কা সামাল দিতে ২০০৮ সালে এই স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। দেড় দশকেরও বেশি সময় পর স্লোগানটি উল্টে যাওয়ার দশা! দামের চোটে এখন আলু থেকে মুখ ফেরাতে হচ্ছে অনেক ক্রেতার। কারণ, বাজারে আলুর দাম মাঝারি ও মোটা চালের দরকেও ছাড়িয়ে গেছে। শুধু এক সপ্তাহের ফারাকেই আলুর দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার শান্তিনগর, মালিবাগ, আগারগাঁওসহ কয়েকটি খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৬৬ থেকে ৭০ টাকা দরে। তবে কোথাও কোথাও ৭৫ টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহখানেক আগে প্রতি কেজি আলুর দর ছিল ৬০ টাকার আশপাশে। তবে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর মতো বড় পাইকারি বাজার থেকে একসঙ্গে ৫ কেজি আলু কিনলে কেজি পড়বে ৬৪ থেকে ৬৫ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজারে এখন প্রতি কেজি মোটা চাল (গুটিস্বর্ণা ও চায়না ইরি) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। এ ছাড়া মাঝারি চালের (বিআর-২৮ ও পাইজাম) কেজি ৫৮ থেকে ৬৫ এবং চিকন চালের (মিনিকেট ও নাজিরশাইল) কেজি ৬৮ থেকে ৮০ টাকা। সেই হিসাবে শুধু মোটা ও মাঝারি নয়, ক্ষেত্রবিশেষ সরু চালের দরকেও ছাড়িয়েছে আলুর দাম।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, হিমাগার ফটকে আলুর দাম বাড়ছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। তবে হিমাগার মালিক ও পাইকারি আলু ব্যবসায়ীরা বলেন, কৃষকের ঘরের আলু প্রায় শেষ। হিমাগারেও মজুত শেষ পর্যায়ে। তাছাড়া মৌসুমে বেশি লাভের আশায় কৃষকরা তাড়াতাড়ি আলু তুলে ফেলেছেন। এজন্য কিছুটা কম হয়েছে ফলন।
অন্যদিকে, সাধারণত নভেম্বরে আগাম জাতের আলু বাজারে আসে। এবার অতিবৃষ্টির কারণে কৃষক ঠিক সময়ে বীজ লাগাতে পারেনি। তাছাড়া সরকার থেকে সময়মতো বীজ না পাওয়ায় দুই সপ্তাহ পিছিয়ে গেছে আগাম আলুর আবাদ। এজন্য বাজারে আলুর সরবরাহ কম। ফলে দর বাড়ছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আলুর দর এক মাসে প্রায় ২৩ ও এক বছরে ৪২ শতাংশ বেড়েছে। সংস্থাটির প্রতিবেদন বলছে, গত বছরের এই সময়ে খুচরা পর্যায়ে আলুর দাম ছিল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা।
ব্যবসায়ীরা জানান, গত বছরের অক্টোবরে প্রতি কেজি আলুর দাম ৭৫ টাকা ছাড়িয়েছিল। বাজার নিয়ন্ত্রণে সরকার তখন আমদানিরও অনুমতি দিয়েছে। ভারত থেকে কিছু আলু আমদানিও হচ্ছে। তবে ডলারের দাম বেশি হওয়ায় ব্যবসায়ীদের আমদানিতে আগ্রহ কম। ফলে স্থানীয় আলুর ওপর নির্ভরতা বাড়ছে।
কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, মৌসুমে বেশি লাভের আশায় কৃষক তাড়াতাড়ি আলু তুলেছেন। এতে ফলন কম হয়েছে। তাছাড়া ডলারের দাম বেশি হওয়ার ভারত থেকে আলু আসছে না। এখন হিমাগারেই আলুর দর বেশি। সে জন্য খুচরায়ও বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৯ লাখ টনের বেশি। তবে এই হিসাবের সঙ্গে ভিন্নমত পোষণ করেন হিমাগার মালিকরা। তারা বলছেন, সরকার আলু উৎপাদনের যে তথ্য দিয়েছে, প্রকৃতপক্ষে উৎপাদন হয়েছে এর চেয়ে কম। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) তথ্য বলছে, আলু উৎপাদন হয়েছে ৭০ থেকে ৭৫ লাখ টন। দেশে বছরে আলুর চাহিদা ৯০ লাখ টনের কিছু বেশি। সেই হিসাবে এবার পণ্যটির ঘাটতি ১০ থেকে ১৫ লাখ টন। তাদের দাবি, সরকারের উৎপাদনের পরিসংখ্যানে গলদ ছিল। ফলে চাহিদায় ঘাটতি তৈরি হয়েছে।
বিসিএসএর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, আলুর মজুত ফুরিয়ে আসছে। নতুন আলু নভেম্বরেই বাজারে চলে আসার কথা। এবার অনবরত বৃষ্টির কারণে বীজ লাগাতে পারেননি কৃষক। সে জন্য দেরি হচ্ছে। তিনি বলেন, এখন বীজ আলুর দরও বাড়ছে। বীজ আলুর সংকট থাকায় এখন খাবারের আলুও বীজ হিসেবে বিক্রি হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলুর কেজি ৮০ টাকার বেশি।
এবার আলুর ফলন বাড়বে বলে মনে করেন এই হিমাগার মালিক। তিনি বলেন, গত বছর প্রতি কেজি আলুতে কৃষক ১৫ থেকে ২০ টাকা মুনাফা পেয়েছে। তাতে এবার তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। আলু চাষের জন্য গত বছর যে জমি ৩০ হাজার টাকায় লিজ নিয়েছেন কৃষক, এবার সেই একই জমি লিজ নিচ্ছেন ৫০ হাজার টাকায়।











































