অনলাইন ডেস্ক
একাধিক ফৌজদারি এবং দেওয়ানি মামলা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে তিনিই হতে চলেছেন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্ট। নিউইয়র্কের আদালতে ঘুষ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার রায়ের অপেক্ষায় ছিলেন তিনি। এমনকি মার্কিন ফেডারেল আইনেও একাধিক ফৌজদারি মামলার মুখে রয়েছেন ট্রাম্প।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ পদে আসীন হওয়ার বিষয়টি দেশটিকে একটা ‘অজানা পরিস্থিতির’ দিকে ঠেলে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাঁর বিরুদ্ধে মামলাগুলোর পরিণতি এখন কী হবে– এ নিয়ে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বহুবারই বলে এসেছেন, তিনি বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথকে বরখাস্ত করবেন। এর মাধ্যমে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টা এবং গোপন নথি অব্যবস্থাপনা-সংক্রান্ত মামলার অবসান ঘটাবেন তিনি। নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল-সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা ৩৪টি অপরাধমূলক অভিযোগে ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। স্পেশাল কাউন্সেল বা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। যদিও ট্রাম্প তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে নিউইয়র্কের এক আদালত তাঁকে একজন অ্যাডাল্ট ফিল্মস্টারকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দেওয়ার অভিযোগ-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। এই মামলায় তাঁর কী সাজা হতে পারে, সে-সংক্রান্ত রায় নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়। বিচারক উয়ান মার্চানের নির্দেশে তা সেপ্টেম্বর থেকে পিছিয়ে ২৬ নভেম্বর করে দেওয়া হয়।
যদিও ব্রুকলিনের সাবেক প্রসিকিউটর জুলি রেন্ডেলম্যান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়া সত্ত্বেও বিচারক মার্চান পরিকল্পনা অনুযায়ী সাজা-সংক্রান্ত রায় দিতে পারেন। তবে ট্রাম্প জেলে যাবেন না বলেই মনে করেন আইন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্প একজন প্রবীণ ব্যক্তি এবং প্রথমবার কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁকে কারাগারে পাঠানোর সম্ভাবনা প্রায় নেই। কিন্তু কারাগারে পাঠানো হলে ট্রাম্পের আইনজীবীরা পাল্টা আর্জি জানাবেন– জেলে গেলে ট্রাম্প তাঁর দায়িত্ব সামলাবেন কীভাবে। সে পরিস্থিতিতে আর্জির প্রক্রিয়া বছরের পর বছর চলতে পারে।
সাবেক ফেডারেল প্রসিকিউটর নেয়ামা রাহমানির মতে, যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন, তাই এই মামলার সঙ্গে সম্পর্কিত ফৌজদারি বিষয় থেকে আপাতত তিনি ‘রেহাই’ পাবেন। এটি সুপ্রতিষ্ঠিত বিষয়, একজন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় না। তাই ডিসি ডিস্ট্রিক্ট কোর্টে এই নির্বাচনী জালিয়াতির মামলা খারিজ হয়ে যাবে। যদি জ্যাক স্মিথ এই মামলা খারিজের বিষয়ে অসম্মতি প্রকাশ করেন, তাহলে ট্রাম্প তাঁকে দ্রুত দায়িত্ব থেকে ‘নিষ্কৃতি’ দিতে পারেন।
হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর গোপনীয় নথি সঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি বলে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তারও নেতৃত্বে রয়েছেন স্মিথ। তাঁর মার-এ-লাগোর বাড়িতে সংবেদনশীল নথি সংরক্ষণ এবং সেই নথি পুনরুদ্ধার করার চেষ্টা করার ক্ষেত্রে বিচার বিভাগকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
জর্জিয়ায়ও ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে ২০২০ সালে সেখানকার নির্বাচনী ফলাফল বদলে ফেলার প্রচেষ্টার কারণে। এই মামলা একাধিক বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে ‘অযোগ্য’ বলে ঘোষণার প্রচেষ্টা।











































