Home আলোচিত সংবাদ একুশে পদক মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বাড়লো

একুশে পদক মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বাড়লো

14


ঢাকা অফিস
আগামী একুশে পদক-২০২৫ এর জন্য মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর এর পরিবর্তে ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্যান্য বছরের মতো আগামী ২০২৫ সালে সরকার বিভিন্ন ক্ষেত্রের জন্য একুশে পদক প্রদান করবে। মনোনয়ন প্রস্তাব দাখিলের জন্য প্রস্তাবিত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদান। পুরস্কৃতদের মধ্যে ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থা অন্তর্ভুক্ত থাকবে।

আগে মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময়সীমা ৩১ অক্টোবর নির্ধারণ করা হলেও সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পর আবারো নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৪ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আবেদনকারী প্রতিষ্ঠানগুলো মনোনয়ন প্রস্তাব দাখিল করতে পারবেন।

মনোনয়ন প্রস্তাবের বিস্তারিত তথ্য, একুশে পদক নীতিমালা এবং আবেদন ফরম পাওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।