আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও টিকা চলাকালে এক ক্লিনিকে ড্রোন হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তবে ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ মতে, শনিবার গাজার উত্তরাঞ্চলে এই হামলা হয়। এ অঞ্চলটিকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছে এবং গত এক বছরের বেশিরভাগ সময় এটি বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই এলাকায় ইসরায়েল আরও একটি অভিযান পরিচালনা করছে। এই অভিযানে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত এবং হাজার দশেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের দাবি, হামাস এগুলোকে সামরিক কাজে ব্যবহার করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুর্শ জানান, শনিবার বিকালে গাজা সিটিতে অবস্থিত শেখ রাদওয়ান ক্লিনিকে একটি কোয়াডকপ্টার (ড্রোন) হামলা চালায়। এর কয়েক মিনিট আগেই জাতিসংঘের প্রতিনিধি দল জায়গাটি ছেড়ে যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ যৌথভাবে এই টিকা কর্মসূচি পরিচালনা করছে। ইউনিসেফ এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিসেফের মুখপাত্র রোসালিয়া বোলেন জানান, “এই হামলার খবরটি খুবই উদ্বেগজনক, কারণ শেখ রাদওয়ান ক্লিনিক হচ্ছে এমন একটি স্বাস্থ্যকেন্দ্র যেখানে অভিভাবকরা তাদের শিশুদের টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন।”
তিনি বলেন, ‘আজকের হামলা যখন হয়, তখনো মানবিক বিরতি চলছিল। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতি চালু থাকবে।’











































