সাতক্ষীরা প্রতিনিধি।।
একটি শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০ দিনে সাতক্ষীরার তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করায় শোকে পাথর হয়ে পড়েছেন সাংবাদিকরা। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে যেন বোবা কান্নায় ভেঙে পড়েছেন তারা।
গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর পর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
আজ শনিবার বিকেল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।
মাত্র ১০ দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে তিন সদস্যের মৃত্যু হলো। সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।









































