বিনোদন প্রতিবেদক।।
আবারও একসঙ্গে প্লেব্যাক করে শ্রোতা মনোযোগ কাড়লেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও বেলাল খান। ‘সুপার ওয়াইফ’ নাটকের জন্য তাদের গাওয়া ‘তোমার প্রেমে বেঁচে আছি’ গানটি প্রকাশের পর থেকে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
আহমেদ রিজভীর লেখা এ গানের সুর করেছেন শিল্পী বেলাল খান নিজে। সংগীতায়োজন করেছেন শোভন রায়। মুশফিক আর ফারহান ও সাফা কবির অভিনীত ‘সুপার ওয়াইফ’ নাটকের দৃশ্য নিয়ে গানের ভিডিও নির্মাণ করেছেন নাট্য পরিচালক এমডি তৌফিকুল ইসলাম।
সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে। শিল্পী বেলাল খানের কথায়, ‘তোমার প্রেমে বেঁচে আছি’ একটি নিখাঁদ প্রেমের গান। প্লেব্যাকের জন্য সবসময় সিনেমা বা নাটকের গল্পের ওপর ভিত্তি করে গান লেখা হয়। এ আয়োজনেও তার ব্যতিক্রম নয়। সে কারণে গানে যেমন একটি গল্প যুক্ত হয়েছে, তেমনি সুর ও সংগীতায়োজনেও উঠে এসেছে সময়ের ছাপ। অন্যদিকে আমি আর কনা চেষ্টা করেছি, নিজেদের সেরা গায়কী তুলে ধরার। সব মিলিয়ে গানটি অনেক দিন শ্রোতা মনে অনুরণন তুলবে বলেই আশা করছি। বেলার গানের পাশাপাশি গানটি শ্রোতার প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন শিল্পী কনা নিজেও।
নাটকের বাইরেও এর আগে কনা ও বেলাল ‘সোনার চর’ সিনেমায় প্লেব্যাক করে শ্রোতা প্রশংসা কুড়িয়েছিলেন। তাদের গাওয়া ‘আসমানে ঘর বাইনছে তারা’ গানটির কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি।











































