অনলাইন ডেস্ক
পাকিস্তানের মানবাধিকার আইনজীবী ইমান জাইনাব মাযারি-হাজির ও তাঁর স্বামী হাদি আলীকে মঙ্গলবার তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। ‘নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির’ অভিযোগে সন্ত্রাসী মামলায় সোমবার তাদের গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। খবর- ডন।
পুলিশ জানিয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় রাষ্ট্রীয় দায়িত্বে হস্তক্ষেপ করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার জন্য আবপাড়া থানায় দায়ের করা একটি মামলায় এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, আইনি পদক্ষেপ মেনেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে ইমান জাইনাবের মা সাবেক মানবাধিকার মন্ত্রী শিরীন মাযারি বলেছেন, তাঁর মেয়েকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ পূর্ণ মাত্রায় চলছে।
শুক্রবার ইসলামাবাদ পুলিশ ইচ্ছাকৃতভাবে একটি লোহার ব্যারিয়ার তাঁর মেয়ের দিকে সরিয়েছিল, যা ‘আক্রমণের’ সমান। এতে তাঁর মেয়ে আহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ইমান এবং তাঁর স্বামী ট্রাফিক চলাচলের জন্য রাস্তা থেকে ব্যারিয়ার সরাচ্ছেন।











































