Home খেলাধুলা হামলার শিকার ব্রাজিল ফুটবল ভক্তের মৃত্যু

হামলার শিকার ব্রাজিল ফুটবল ভক্তের মৃত্যু

19


স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষের সমর্থকদের অতর্কিত হামলায় ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর এক ফুটবল ভক্ত নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে সাও পাওলো রাজ্যে স্থানীয় সময় রবিবার সকালে রাস্তার পাশে। পরে সাও পাওলো থেকে ৪৬ কিলোমিটার উত্তরে মাইরিপোরা শহরের একটি হাসপাতালে ওই ভক্তের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের ব্রাজিলের ফেডারেল রোড পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ বছর। তবে তারা আরও কোনো তথ্য দেননি।

সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, ক্রুজেইরোর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের উগ্র সমর্থকরা এই হামলা চালিয়েছে।

শনিবার ব্রাজিলের শীর্ষ লিগে আথলেতিকো পারানাইন্সির বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্রুজেইরো। ম্যাচ শেষে বাসে চড়ে বেলো হরিজন্তে ফিরছিলেন ক্রুজেইরোর সমর্থকরা।

ব্রাজিলের টেলিভিশনের প্রচার করা ফুটেজে দেখা যায়, একটি বাসে আগুন জ্বলছে এবং ক্রুজেইরোর কয়েকজন সমর্থক ফুটপাতে পড়ে আছেন। পালমেইরাসের সমর্থকরা তাদের ঘুষি মারছে এবং লাঠি দিয়ে আঘাত করছে।