স্টাফ রিপোর্টার।।
নগরীর খালিশপুর থানাধিন বঙ্গবাসী মোড়ে বড় ভাই জাবেদতে বাঁচাতে এগিয়ে এলে ছোট ভাই জাহিদকে কুপিয়ে হত্যা মামলার ৫ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৮ অক্টোবর) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খালিশপুর বঙ্গবাসী মোড়স্থ এন/এইচ-২১ এর মৃত. আব্দুল কাইয়ুম আনসারীর দু’ছেলে মো. আব্বাস আনসারী (৪৩) ও মো. জব্বার (৪১), বঙ্গবাসী মোড়ের মৃত. মাহবুব আলম ফরাজীর ছেলে মো. নশু ফরাজী (৩৮), ভাটিয়াপাড়া মিস্টান্ন ভান্ডারের পিছনের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে মো. রিয়াজ (৩১), বঙ্গবাসী মোড়ের মনোয়ারের ছেলে মো. নাদিম (৩৩)। এছাড়া একই আসামিদের বিরুদ্ধে মামলার আরেক ভিকটিম নিহত জাহিদের বড় ভাই জাবেদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টা ও আহত করার অভিযোগে দন্ডবিধি ৩২৪ ও ৩০৭ ধারায় ৩ বছর ও ৭ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে আলাদাভাবে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রায়ে সাজা কার্যকারের ব্যয় হিসেবে একলাখ টাকা বাদে বাকি টাকা জাহিদের পরিবার মৃত্যুজনিত ক্ষতিপুরণ হিসাবে পাবে। আসামির পরিবার অর্ধদণ্ডের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের সম্পত্তি বিক্রির মাধ্যমে আদায় করা হবে। এ মামলায় ৭ আসামিকে খালাস প্রদান করা হয়েছে তারা হলেন, হাউজিং এস্ট্রেট এন/এইচ-৬২ এর সেলিম মওরফে সান্নানের ছেলে মো. ইব্রা আর আলাম আসিফ (৩২), বঙ্গবাসী মোড়ের মুন্নার ছেলে মো. রানা হোসেন (৩০), বঙ্গবাসী মোড়ের সোলেমানের ছেলে সুলতান ওরফে গব্বার (২৯), বঙ্গবাসী মোড়ের ইসমাইলের ছেলে পাতলা সাগর (২৮), টিএন্ডটি মোড়ের মৃত. নাদিমের দু’ছেলে মো. ওমর ফারুক ওরফে আরিফ (৩৩) ও মো. মেহেদী হাসান ওরফে প্যাকেট মেহেদী (৩৬) ও গোয়লখালি এলাকার মৃত. মোস্তফা হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (৩০)।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শাহিন নথীর বরাত দিয়ে জানান, খালিশপুর হাউজিং এস্ট্রেট এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের বড় ছেলে জাবেদের এলাকার কতিপয় দুস্কৃতির সাঙ্গে পূর্ব বিরোধ ছিল। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তিনি বাসা থেকে চিত্রালী বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে বঙ্গবাসী মোড় জনৈক জাহাঙ্গীরের চালের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। আক্রমণের ঘটনা জানতে পেরে জাবেদের দুইভাই মোঃ সুমন ও জাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় এ মামলার আমাসি আব্বাস আনছারি ও জব্বার জাবেদের ছোটভাই মোঃ সুমনকে জাপটে রাখে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জাহিদকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরবর্তীতে জাহিদ চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এলাকাবাসী চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক জাহিদকে মৃত. ঘোষণা করেন। ঘটনার পরেরদিন নিহতের ছোটভাই মো. সুমন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং-২০। ২০১৮ সালের ২৬ আগস্ট পুলিশ ব্যুরো ইন্ভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খান ১২জন অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন আরিফ মাহমুদ লিটন ও মো. আক্তারুজ্জামান খান।











































