Home আঞ্চলিক খুলনায় বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু

খুলনায় বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু

13


স্টাফ রিপোর্টার
খুলনার খালিশপুরে বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার খালিশপুর চিত্রালি বাজারে এ ঘটনা ঘটে। মুরাদ হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নায়েক। তিনি নড়াইল জেলার কালিয়া থানাধীন বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে। পুলিশ কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। মুরাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোড চিত্রালি বাজারের সামনে বিজিবি সদস্য মুরাদ মোটরসাইকেলের ওপর বসে ছিলেন।

এ সময় হঠাৎ পেছন থেকে একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। মুরাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।