Home খেলাধুলা স্যান্টনারের ৭ শিকারে ম্যাচ ও সিরিজ হারের শঙ্কায় ভারত

স্যান্টনারের ৭ শিকারে ম্যাচ ও সিরিজ হারের শঙ্কায় ভারত

16


স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের ব্যাটিং ধস চলছেই। প্রথম টেস্টে ব্যাটিং ধসের কারণে দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হারে ভারত। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ধসের খেসারত দিয়ে হারের শঙ্কায় আছে রোহিত শর্মার দল। ৩ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও হারলে সিরিজ হার নিশ্চিত হবে ভারতের।

নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে সেটি হবে ঘরের মাঠে ভারতের দীর্ঘ প্রায় একযুগ পর হার। সবশেষ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হার দেখেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দলটি।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে আজ ভারত গুটিয়ে গেছে মাত্র ১৫৬ রানে। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ৩০১ রান। তৃতীয় দিনে নিশ্চিয়ই আরো কিছু রান করবে দলটি। অথচ, পুতেনে তিন শ’র বেশি রান অতিক্রম করা বেশ কঠিন। তাই সিরিজ বাঁচাতে অলৌকিক কিছুই করতে হবে গৌতম গম্ভীরের শিষ্যদের।

১৬ রানে ১ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে ভারত। ৫০ রান পর্যন্ত এই ১ উইকেটই ছিল। তবে এরপর শুরু হয় ধস। শুভমান গিলের (৩০) আউটের পর ৬ রান যোগ হতেই ফেরেন বিরাট কোহলি। দলীয় ৭০ রানে আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালও বিদায় নেন। এক শ’র আগেই স্বাগতিকরা হারায় রিশাভ পন্ত ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সরফরাজ খানকে।

রবিচন্দ্রন অশ্বিনও দেখাতে পারেননি বাংলাদেশের বিপক্ষে তার ব্যাটিংয়ের মতো ক্যারিশম্যাটিক কিছু। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ৩৮ ও নয়ে নেমে ওয়াশিংটন সুন্দর ১৮ রানের ইনিংস খেললে দেড়শ পার করতে সমর্থ হয় ভারত। পুনে টেস্টের প্রথম দিনে ৭ উইকেট নিয়েছিলেন ভারতের সুন্দর। দ্বিতীয় দিনে কিউইদের হয়ে ৭ উইকেট নেন মিচেল স্যান্টনার।

ভারতকে ১৫৬ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। টপ অর্ডারের আর কোনো ব্যাটার সুবিধা করতে না পারলেও অধিনায়ক টম ল্যাথাম দারুণ দৃঢ়তা দেখান। ওপেনিংয়ে নেমে ৮৬ রান করে আউট হন তিনি তিনি। তার এই ইনিংসেই ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। ৩০ রানে অপরাজিত থাকেন ৩০ রানে। কিউইদের ৫ উইকেটের মধ্যে ৪টিই নেন ওয়াশিংটন সুন্দর।