ঢাকা অফিস।।
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকার নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)।
কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই মরদেহ দেখার পর গৃহকর্তা নুর আকতার মুর্ছা যান। পরে স্থানীয়রা তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের স্বজনের বরাতে ওসি বলেন, দুপুরে গৃহকর্তা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফিরে কারও কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়চড়া করে দেখেন তারা মারা গেছেন। ওসি বলেন, স্থানীয়রা ঘটনাটি জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।











































