Home আঞ্চলিক নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

21

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের বাকশ্রিরামপুর গ্রামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উটেছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সকাল সাড়ে ৬ টার দিকে নাওরা গ্রামের আইয়ুব ইসলামের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া বাকশ্রিরামপুর গ্রামের মো.জহুর মোল্যা বলেন, আমি ভোর সকাল ৬ টার দিকে গরু কেনার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে গোয়ালবাতান গ্রামে যাচ্ছিলাম। চন্ডিবরপুর ইউনিয়নের নাওরা গ্রামের আইয়ুব ইসলামের বাড়ির পাশে পৌছালে, নাওরা গ্রামের সানোয়ার মোল্যার ছেলে মশিয়ার মোল্যা (৪০), হারুন মোল্যার ছেলে আহাদ মোল্যা (৩৮), আক্তার মোল্যা (৩২), ও সোনা মিয়া মোল্যার ছেলে রসুল মোল্যা (৩০), অতর্কিত ভাবে আমার উপর হামলা করে। এ সময় তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে আমার কাছে থাকা গরু কেনার ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত জহুর মোল্যার স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি আজ ভোরে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে নাওরা গ্রামের কয়েকজন আমার স্বামীকে পিটিয়ে গরু কেনার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি এই ছিনতাইকারীদের উপযুক্ত বিচার চাই।

আহত জহুর মোল্যার শ্যালক ফসিয়ার মোল্যা বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার দুলাভাইকে মেরে রক্তাক্ত করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা ওদের বিরুদ্ধে মামলা করব। আমি এ ঘটনার যথাযথ বিচার চাই। অভিযুক্ত আহাদ মোল্যা মুঠোফোনে বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। তবে শুনেছি ওখানে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল জহুর মোল্যার ছোট ভাই জিয়া, মশিয়ার মোল্যাকে মারে। এরই ধারাবাহিকতায় আজ মশিয়ার মোল্যা এঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মশিয়ার মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।