Home খেলাধুলা ‘আমরাই ম্যাচে চালকের আসনে আছি’

‘আমরাই ম্যাচে চালকের আসনে আছি’

43


স্পোর্টস রিপোর্টার

তৃতীয় দিনের শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। গতকাল মাত্র ৯ রানে তুলে নেয় বাংলাদেশের ৩ উইকেট। ৩ উইকেটে ১০৩ থেকে আচমকাই স্কোরবোর্ড হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান। এরপর মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ১৩৮ রানের জুটিতে দিন শেষে ৮১ রানে এগিয়ে যায় টাইগাররা। তবে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের মতে দক্ষিণ আফ্রিকাই এই ম্যাচে জয়ের দৌড়ে এগিয়ে আছে। গতকাল দিনের খেলা আগেভাগেই শেষ হয়। প্রথম দফা বৃষ্টির পর খেলা শুরু হলেও আলোর অভাবে সেটা বেশিক্ষণ হয়নি। এরপর বেলা ৪টার দিকে দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। সারাদিনে খেলা হয় মাত্র ৫৭.৫ ওভার। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন কেশব মহারাজ। ৩ দিন শেষে ম্যাচের সারাংশ বনর্ণা করতে গিয়ে মহারাজ বলেন, ‘অবশ্যই আজ (গতকাল) বাংলাদেশ ভালো খেলেছে। সত্যি বললে পুরোনো বলে কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কিছুটা সহজ হয়ে গেছিল। কিন্তু আমি মনে করি এই ম্যাচে এখনও আমরাই এগিয়ে আছি। বাংলাদেশ লিড নিয়েছে যদিও, আর আমাদের আরও ৩ উইকেট নিতে হবে। আমরা তাদের যত কমে সম্ভব আটকে রাখতে চাই। তবে আমার মনে প্রথম ইনিংসে আমাদের ব্যাটারদের পারফর্মেন্স অনুযায়ী আমরাই ম্যাচে চালকের আসনে আছি।’ নিজেদের বোলিং নিয়ে মহারাজ বলেন, ‘লম্বা স্পেলে বোলিং করা দারুণ বিষয়, আমি বোলিং করতে ভালোবাসি। আমাদের কাট করার মতো বল কম করতে হবে শুরুর স্পেলে। যেমনটা আগে বললাম পুরোনো বলে উইকেট খুব একটা সাহায্য করছে না বোলারদের। ফলে আমি যতসম্ভব লাইনলেন্থ টাইট করতে চেয়েছি।’ বাংলাদেশ এগিয়ে আছে ৮১ রানে। তাদের কতরানে আটকাতে চান প্রশ্নে মহারাজের উত্তর, ‘দেখেন, আমরা তো বাংলাদেশকে ১০০ এর আগেই আটকাতে চাই। কিন্তু আমাদের আগামীকাল (আজ) সকালে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। এরপর দেখা যাবে কি হয়।’ গেলো বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মহারাজ। বরিশালের অধিনায়ক তামিমের সঙ্গে তার সম্পর্কও ভালো। তাই বাংলাদেশে এসে আগে তামিমকে ম্যাসেজ দিয়ে জানতে চান এখানকার উইকেট আর কন্ডিশন সম্পর্কে। এ প্রসঙ্গে মহারাজ বলেন, ‘হ্যা, আমি তামিম ভাইকে ম্যাসেজ দিয়েছিলাম। বিপিএল খেলায় তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। আমি শুধু তাকে কন্ডিশন ও কিভাবে কী করতে হবে সে বিষয়ে পরামর্শ চেয়েছিলাম। সে আমাকে কিছু পরামর্শ দিয়েছিল এবং সেটা ভুল ছিল না (হাসতে হাসতে)।’