Home আঞ্চলিক খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদণ্ড

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন করাদণ্ড

45


স্টাফ রিপোর্টার
নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তারের মামলার এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলকার আলীশান হোটেলের পিছনে আমিন হাজীর বাড়ির ভাড়াটিয়া লালু হাওলাদারের ছেলে নান্টু হাওলাদার। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে সঙ্গীতা সিনেমা হলের সামনে এক যুবক একটি ব্যাগে ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নান্টু হাওলাদার ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে ব্যর্থ হয়। পুলিশ এসময় তার ডান হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. হোসেন আল মাহাবুব বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ওই দিন মামলা দায়ের করেন। ওই বছরের ২১ মার্চ ডিবি পুলিশের এসআই হান্নান শরীফ আসামি নান্টু হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মো. মোশাররাফ হোসেন।

নগরীতে পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চাঁদখালী গ্রামের মৃত. মকবুল গাইনের ছেলে আবু বক্কর গাইন (৬৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, সোমবার সকালে জিরোপয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে হরিণটানা থানা পুলিশ। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ আবু বক্কর গাইনকে গ্রেপ্তার করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নগরীতে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

নগরীর আড়ংঘাটা ও খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২৪ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ অক্টোবর দিনব্যাপি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার শাহাপুর গ্রামের মৃত. শফি আকুঞ্জি’র ছেলে মো. ইলিয়াস আকুঞ্জি (৫৫) ও নগরীর খালিশপুর থানাধিন গাবতলা এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে মো. শাহাবুদ্দিন হাওলাদার (৩৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, মহানগর গোয়েন্দা পুলিশ বিকালে আড়ংঘাটা বাইপাস রোডে একাধিক মাদক মামলার আসামী মোঃ ইলিয়াস আকুঞ্জিকে ২৫০ গ্রাম গাঁজাসহ এবং একইদিন অপর ঘটনায় রাতের বেলায় খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকা হতে মো. শাহাবুদ্দিন হাওলাদারকে ২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।