Home খেলাধুলা বিপিএলে কোন দল কত খরচ করল

বিপিএলে কোন দল কত খরচ করল

52


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। আজ সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট থেকে লটারির মাধ্যমে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে।

দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরি ও বিদেশি খেলোয়াড়দের জন্য ছিল পাঁচটি ক্যাটাগরি প্লেয়ার্স ড্রাফটে। যেখানে দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কোটি টাকা ও বিদেশিদের দলে টানতে ৩ কোটি টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

শেষ হওয়া ড্রাফটে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। তারা মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা, জেমস ফুলারদের দলে টেনেছে। সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে ফ্র্যঞ্চাইজিটি।

সাবেক অধিনায়ক মাশরাফি, রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি, রাহকিম কর্নওয়ালদের দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের গুণতে হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খুলনা টাইগার্স খরচের দিক থেকে এরপরে রয়েছে। তারা নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে টানতে খরচ করেছে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।

চিটাগং কিংস দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে এবার বিপিএলে ফিরছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল তাদের। ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়েছে। জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে রাজশাহী খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।