Home খেলাধুলা বাংলাদেশের সাফ দলে একঝাঁক নতুন মুখ

বাংলাদেশের সাফ দলে একঝাঁক নতুন মুখ

20


স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল দুই বছর আগে প্রথমবার বড় কোনো সাফল্য পায়। নেপালে সেবার উইমেন’স সাফ চ্যাম্পিয়ন হন সাবিনারা। মুকুট ধরে রাখার মিশনে এবার অনেক পরিবর্তন। এমনকি ডাগআউটেও কোচের পরিবর্তন এসেছে।

সেবারের কোচ গোলাম রব্বানী ছোটনের জায়গায় পিটার জেমস বাটলার এসেছেন। প্রবল সংশয় ছিল কৃষ্ণা রানী সরকারকে নিয়েও, তবে চোট কাটিয়ে শঙ্কার মেঘ সরিয়ে দলে ফিরেছেন এই ফরোয়ার্ড।

আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসর। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরুর পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনও শুরু করবে বাংলাদেশ।

আগামীকাল মঙ্গলবার নেপালের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। টুর্নামেন্টকে ঘিরে আজ সোমবার ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাটলার।

গতবারের গোলরক্ষক রূপনা চাকমা আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন। যথারীতি এবারও দলের প্রথম পছন্দ তিনি। এছাড়া তার সাথে আছেন বয়সভিত্তিক সাফে পোস্টে আলো ছড়ানো ইয়ারজান বেগম ও মিলি আক্তার।

ডিফেন্ডার আঁখি খাতুন সাফ জয়ের পর অবসর নিয়ে চীনে পাড়ি জমিয়েছেন। তবে গতবার রক্ষণ সামলানো মাসুরা পারভিন, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়রদের সাথে এবার নতুন সুযোগ পেয়েছেন কোহাতি কিসকু, আফিদা খন্দকারেরা।

এদিকে মাঝমাঠের ‘নিউক্লিয়াস’ এবার মনিকা চাকমা ও মারিয়া মান্দা জুটি। এবারও তাদের সঙ্গী ইস্টবেঙ্গলে খেলে আসা সানজিদা আক্তার। গত সাফে চার গোল করা সিরাত জাহান স্বপ্না আচমকা অবসর নেওয়ায় আক্রমণভাগে এবার দায়িত্ব বেশি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারদের ওপর।

ঐতিহাসিক সেই অর্জনে সবচেয়ে বেশি অবদান ছিল সাবিনার। অধিনায়ক ও ফরোয়ার্ড দুই পরিচয়ে তিনি ছিলেন উজ্জ্বল। ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন এই তারকা।

সাবিনা ও কৃষ্ণার সাথে আক্রমণভাগে আছেন সাগরিকা। গত জুলাইয়ে ভুটানের বিপক্ষে অভিষেক তিনি রাঙিয়েছিলেন হ্যাটট্রিক উপহার দিয়ে।

৯ জন নতুন মুখ নিয়ে এবার খেলতে যাবে বাংলাদেশ। ইয়ারাজান, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা- প্রথমবারের মতো জায়গা পেয়েছেন সাফের দলে।

আর গতবারের দল থেকে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস।

বাংলাদেশের চূড়ান্ত দল: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্না চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, সাগরিকা।