নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মহিবুল ইসলাম ওহিদ নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত মহিবুল ইসলামের ছোট ভাই জাহিদ হোসেনের স্ত্রী ও স্কুলশিক্ষিকা জাকিয়া আক্তার (৪৫) এবং চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার। আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন ও আরেক বোন শামীমা খাতুন বাবার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে আসেন। বিষয়টি মীমাংসা জন্য সবাই বাড়িতে বসেছিলেন। একপর্যায় বোন জোছনা খাতুন, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ধারালো রামদা দিয়ে তাদের কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া মারা যান। এতে আহত হন দুজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, পুলিশ, সেনাবিাহিনী, র্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।











































