Home আন্তর্জাতিক সাংহাই সম্মেলনের আগে বেলুচিস্তানে হামলায় নিহত ২২

সাংহাই সম্মেলনের আগে বেলুচিস্তানে হামলায় নিহত ২২

19

অনলাইন ডেস্ক


পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ২০ খনি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। গত বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা দুকি জেলার কয়লা খনির আবাসনে ঢুকে গুলি চালায়। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীতে আয়োজিত একটি বড় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের কয়েক দিন আগে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটল। খবর এপির।

নিহতদের অধিকাংশই বেলুচিস্তানের পশতুনভাষী এলাকার। এ ছাড়া নিহত তিনজন ও আহতদের মধ্যে চারজন আফগানিস্তানের নাগরিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেন, একদল সশস্ত্র লোক দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেন, দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার ও অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে। তারা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে।

এদিকে, আগামী সপ্তাহে পশ্চিমা জোটকে মোকাবিলায় চীন ও রাশিয়ার প্রতিষ্ঠিত জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসলামাবাদ। এর কয়েক দিন আগে দেশটিতে এ ধরনের হামলা উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান বা দেশি-বিদেশিদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে পাকিস্তানি বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বেলুচিস্তান প্রদেশ পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। তাদের অনেকেই স্বাধীনতা চায়। তাদের অভিযোগ, ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার স্থানীয়দের ক্ষতিগ্রস্ত করে তেল ও খনিজসমৃদ্ধ বেলুচিস্তানকে অন্যায়ভাবে শোষণ করছে।

গত সোমবার বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি গোষ্ঠী জানায়, তারা পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দরের বাইরে চীনের নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। দেশটিতে হাজারো চীনের নাগরিক কাজ করছেন, যাদের বেশির ভাগই বেইজিংয়ের মাল্টিবিলিয়ন ডলারের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত। এর আগে গত আগস্টে গোষ্ঠীটির একাধিক হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন।