স্পোর্টস ডেস্ক
একসময় বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে ছিল গভীর সম্পর্ক। তবে সময়ের পরিক্রমায় অনেক বাক বদলেছে। দুজনের তিক্ত সম্পর্কের কথা গণমাধ্যমে অনেকবারই এসেছে। একবার তো নাজমুল হাসান পাপনই জানিয়েছিলেন, সাকিব ও তামিম একে অপরের সঙ্গে কথা বলেন না। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে সাকিবের সাক্ষাৎকারে সেটি আরও প্রকাশ্যে আসে।
ভারতীয় গণমাধ্যম ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন তামিম।
তামিম বলেন, ‘সম্পর্কের উঠা-নামা তো আছেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কেউ একে অপরের ক্ষতি করছি না। কারণ, দুজনই শেষ পর্যন্ত দেশের হয়েই খেলছি। আমি গণমাধ্যমে এটি নিয়ে কথা বলিনি কিংবা জনসম্মুখে তাকে কিংবা অন্য কাউকে দোষারোপও করিনি।’
তামিমের কণ্ঠে সাকিবের প্রশংসাও ঝড়ল, ‘আমি সত্যি সত্যিই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের অসাধারণ কিছু করেছে। তার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সে।’
দুজনের সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যেত বলে বিশ্বাস তামিমের, ‘আমি মনে করি, আমাদের মধ্যে ভালো সম্পর্কটা যদি আরও বেশি সময় থাকত, তাহলে বাংলাদেশের ক্রিকেট বদলে যেত। আমরা দুজনই দেশের হয়ে ভালো করেছি, দুজনের মানসিকতাই ইতিবাচক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো যেটা হয়, সেটাই চাই।’
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটি শুরুর একদিন আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন সাকিব। তার এই অবসরের ব্যাপারে তামিমের ভাষ্য, ‘যখন সত্যিই মনে হবে সরে যাওয়ার এটাই সময়, তখন সে অনুযায়ীই সিদ্ধান্ত নিতে হয়। সে (সাকিব) যদি নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাই ঠিক এবং আমাদের সবারই এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।’











































