Home জাতীয় দুই মাসে সাবেক মন্ত্রী, ভারতীয় রোহিঙ্গাসহ ধরা ৩২৬ জন

দুই মাসে সাবেক মন্ত্রী, ভারতীয় রোহিঙ্গাসহ ধরা ৩২৬ জন

29


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৭৮ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১০ কিলোমিটারের কিছু অংশে নেই কাঁটাতার। ফলে এ অংশ মানুষ পাচারসহ অপরাধমূলক কাজের কেন্দ্র হয়ে উঠেছে। সে কারণে এ এলাকায় দিনেরাতে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থান থেকে ভারতে পাচারের চেষ্টার সময় ৩২৬ জনকে আটক করেছেন বাহিনীর সদস্যরা।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ঢাকা মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ও হত্যা মামলার আসামি কিলার অনিক, ৯ জন দালাল, ১০ ভারতীয় নাগরিক, ১০ রোহিঙ্গা এবং শিশুসহ বাংলাদেশি নারী-পুরুষ রয়েছে ২৯৩ জন। পাসপোর্ট অধ্যাদেশ আইনের দুর্বলতার কারণে সীমান্ত দিয়ে পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বড় অংশজুড়ে রয়েছে ইছামতী নদী। কিছু এলাকায় ভারতীয় অংশে নেই কাঁটাতার। ফলে কিছু অসাধু ব্যক্তি ও চোরাকারবারি এ অংশ পাচারসহ অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহারের চেষ্টা করে। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফলে বিজিবির অভিযানে প্রায়ই আটক হচ্ছেন সাবেক মন্ত্রী ও মামলার আসামি। পাচারের চেষ্টা করা নারী-পুরুষ ও দালাল এবং ভারতীয় নাগরিকও ধরা পড়ছে। পাচারের চেষ্টার সময় বিজিবির অভিযানে আটক ব্যক্তিদের অধিকাংশই নারী।
সীমান্ত ঘুরে ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, খোশালপুর, ভবনগর, সামন্তাসহ কাঁটাতারবিহীন এলাকা দিয়ে এ ধরনের অপরাধকর্ম সংঘটিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রাজনৈতিক নেতাও এ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। সীমান্ত পার হতে তারা মধ্যরাত ও ভোরের সময় বেছে নেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত থেকে কিছুটা দূরের মানুষ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ এলাকার মানুষের বিজিবির হাতে আটকের ভয় রয়েছে। অপরাধীরা বিভিন্ন এলাকা থেকে মানুষ এনে নিজেদের জিম্মায় রেখে রাতে নদী দিয়ে ভারতে পাচারের চেষ্টা করে। একাধিক সূত্রের দাবি, পাচারের মূল হোতারা থাকে যশোরের চৌগাছা ও মহেশপুর উপজেলা শহর এবং আশপাশের এলাকায়। তাদের মাধ্যমে সীমান্তের দালালরা ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে নারী-পুরুষ পাঠানোর বাহক হিসেবে কাজ করে।
মহেশপুর সীমান্তের জলুলি এলাকার রবিউলসহ অনেকে জড়িত এসব কাজে। বিজিবির অভিযানে তারা আটক হলেও আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে এসে ফের এসব কাজ করছে বলে অভিযোগ রয়েছে। গত বছরের ১ অক্টোবর থেকে গত ৪ আগস্ট পর্যন্ত ৮৭৪ জনের বেশি মানুষকে পাচারের চেষ্টার সময় আটক করা হয়েছে। ভারত থেকে আসার সময়ও অনেকে আটক হন। সম্প্রতি বিজিবির অভিযানে আটক হন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের এক নারী। তিনি বলেন, জলুলি এলাকার রবিউলের মাধ্যমে ইন্ডিয়ান ১৮ হাজার রুপি এবং বাংলাদেশি ৫ হাজার টাকায় সীমান্ত পার করে দেওয়ার চুক্তি হয়েছিল। পরে বিজিবির হাতে তিনি ধরা পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাঘাডাঙ্গার এক কৃষকের ভাষ্য, কাঁটাতারবিহীন এলাকা দিয়ে মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করে বেশি। তবে জড়িতদের অনেককে আটক করছে বিজিবি। লেবুতলা এলাকার ইসমাইল হোসেন বলেন, সীমান্তে বিজিবির টহল থাকায় অনেকে আটক হয়। এ জন্য সীমান্ত থেকে একটু দূরের মানুষ পাচারের সঙ্গে জড়িত থাকে।
জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তের মাটিলা এলাকায় বিজিবি-৫৮ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে ৬৮ ও ৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দুই মাসে সীমান্তে কমেছে পাচারের ঘটনা।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় আটক হলে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে থানায় দেওয়া হয়। এ আইনের সাজা তিন মাস কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা। ফলে আদালতে আসামিরা সহজেই জামিন পেয়ে যায়। ভারতীয় বা অন্য দেশের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে আটক হলে ‘দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-১৯৫২’ আইনে মামলা হয়। এ আইনে এক বছরের কারাদণ্ডের নিয়ম থাকলেও জরিমানা কত টাকা, তা উল্লেখ নেই। দুটি মামলাই জামিনযোগ্য।
দুই আইনেই অপরাধীর সাজা ও জরিমানা কম এবং জামিনযোগ্য হওয়ায় ধরা পড়লেও আসামি জামিনে বেরিয়ে আসে বলে জানান ঝিনাইদহের জ্যেষ্ঠ আইনজীবী শেখ আব্দুল্লাহ মিন্টু। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের ধরতে নিরুৎসাহিত হয়। সে কারণে আইন সংশোধন করে জরিমানা ও সাজার মেয়াদ বাড়ানো জরুরি। সংশোধন করে সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে প্রচারের ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে মানুষকে সাজা দেওয়ার মানে হলো নজির স্থাপন বা ভীতি সঞ্চার করা, যাতে অপরাধীরা ভয় পায় এবং অপরাধমূলক কাজ থেকে বেরিয়ে আসে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ বলেন, আগের তুলনায় সীমান্তে পাচার কমেছে। বিজিবির নজরদারি পদ্ধতি বদলেছে, যার সফলতাও আসছে। সীমান্তের কিছু অংশে ভারতের অভ্যন্তরে কাঁটাতার না থাকায় পাচারকারীরা ব্যবহারে আগ্রহী হয়। পাচার রোধে সেখানে কাঁটাতার নির্মাণে বিএসএফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।