Home খেলাধুলা সৌদি আরবে হতে পারে আইপিএলের নিলাম

সৌদি আরবে হতে পারে আইপিএলের নিলাম

29


স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী নিলাম হতে পারে অন্য কোনো দেশে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা প্রতিযোগিতার প্রচারের জন্য বিদেশে নিলামের পরিকল্পনা করেছেন। যেখানে প্রাথমিক ভাবে বোর্ড কর্তাদের পছন্দ ছিল দুবাই। তবে পছন্দের তালিকায় সংযুক্ত আরব আমিরাতে শহরটি এখন তৃতীয় স্থানে।

আইপিএলের এবার মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ১০টি দল নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে পুরো প্রক্রিয়া। নিলামের জন্য বিসিসিআই কর্মকর্তারা প্রথমে দুবাইয়ের কথা ভেবেছিলেন। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাতের শহরটির কথা ভাবেন তারা।

তবে পরে সৌদি আরবের দুই শহরের কথা ভাবেন বোর্ড কর্মকর্তারা। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের নিলাম হতে পারে রিয়াদ অথবা জেদ্দায়। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও হয়নি। তালিকায় রয়েছে লন্ডনও। যদিও সম্ভাবনা কম।

এদিকে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে, তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। আইপিএলের নিলাম হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। চলতি মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত করে ফেলতে চাইছেন বোর্ড কর্তারা। নিলামের স্থান এবং দিন জানা যাবে তার পর।