স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) সার্ভেয়ার হিসেবে পূর্ত বিভাগে চাকরিজীবন শুরু করেন মিজানুর রহমান। পদটি তৃতীয় শ্রেণির। পদ শূন্য থাকায় তাঁকে উপসহকারী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়। ওয়ার্ড কাউন্সিলরের অবর্তমানে মিজানুরকে এবার নগরীর ৬ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কাউন্সিলরের মতোই নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, অবিবাহিত, জন্ম ও মৃত্যু সনদসহ প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দিতে পারবেন।
একই দায়িত্ব পেয়েছেন আরেক উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম। তৃতীয় শ্রেণির সার্ভেয়ার তাঁর মূল পদ। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের সেবা দেওয়ার দায়িত্ব পেয়েছেন তিনি। শুধু নজরুল বা মিজানুরই নন; কেসিসির দ্বিতীয় শ্রেণির ১১ জন ও তৃতীয় শ্রেণির ১০ জন কর্মচারীকে ২১টি ওয়ার্ডে কাউন্সিলরের সেবা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য ১০টি ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন প্রথম শ্রেণির কর্মকর্তারা। কেসিসির কাউন্সিলর পদটি সিটি করপোরেশনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। তাদের নিচে যুগ্ম সচিব পদমর্যাদার প্রধান নির্বাহী কর্মকর্তা, উপসচিব মর্যাদার সচিবসহ প্রশাসন ক্যাডারের অন্য কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলর ও নাগরিক নেতারা। কেসিসির অন্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ।
গত ২৬ সেপ্টেম্বর কেসিসিসহ দেশের ১২ সিটি করপোরেশনের কাউন্সিলর অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের অবর্তমানে সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরে গত বুধবার কেসিসির ৩১ কর্মকর্তাকে ৩১টি ওয়ার্ডে সেবা কার্যক্রম চলমান রাখার দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে ৩, ৪, ৫, ৭, ৮, ১১, ১৬, ১৭, ১৮ ও ২৪ নম্বর ওয়ার্ডে প্রথম শ্রেণির কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন। অন্য ওয়ার্ডগুলোর দায়িত্বে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
এদিকে তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বাক্ষর করা সনদ চাকরি বা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সাধারণত সনদের সত্যতা নিশ্চিত করতে প্রথম শ্রেণির কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাক্ষর করা প্রত্যয়নপত্র ব্যবহার করা হয়।
এ ছাড়া কয়েকজন উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কাজে অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। লাভজনক এসব পদে অনিয়মের সুযোগ আরও বেশি। সনদ দেওয়ার কাজে রয়েছে অনিয়মের আশঙ্কাও।
বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার নগর ভবনে যান বেশ কয়েকজন অপসারিত কাউন্সিলর। তাদের মধ্যে রাজুল হাসান রাজু, গোলাম মাওলা শানু ও আরিফ হোসেন মিঠু বলেন, জনপ্রতিনিধিদের হেয় করতে এটা করা হয়েছে। খুলনা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, এটি খারাপ দৃষ্টান্ত তৈরি হলো। প্রথম শ্রেণির কর্মকর্তাদের একাধিক ওয়ার্ডে দায়িত্ব দিলে ভালো হতো। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, এখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণি বলে কোনো পদ নেই। বর্তমানে গ্রেড অনুযায়ী স্তর ধরা হয়। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অনেক জ্যেষ্ঠ কর্মী। অনেকে প্রথম শ্রেণির কর্মকর্তাদের চেয়ে বেশি বেতন পান। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে দেওয়ার মতো লোক ছিল না।
এদিকে দায়িত্ব পেলেও কাজ করা নিয়ে আতঙ্কে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশ না করার শর্তে তাদের তিনজন বলেন, সারাদিন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে ওয়ার্ডে গিয়ে এসব দায়িত্ব পালন করা কতটুকু সম্ভব, বুঝতে পারছি না।











































