আহাদ আলী।।
টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে দাম বেড়েছে সবজির। একইসঙ্গে দাম বেড়েছে ইলিশ, ডিম ও মুরগির। এমতাবস্থায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা সাধারণ খেটে খাওয়া মানুষের।
প্রতিটি সবজিতে গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও বন্যায় নষ্ট হয়েছে ফসল। ফলে বাজারে পণ্য কমে যাওয়ায় দাম বেড়েছে এসব দ্রব্যের। এছাড়াও সবজির দামের ঊর্ধ্বগতির প্রভাব লেগেছে ইলিশ,ডিম ও মুরগির দামেও।
গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ১০-২০ টাকা ও প্রতি হালি ডিমে ১০ টাকা বাড়ার কথা জানা যায়। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হলেও এখন ২০০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। এছাড়াও পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৫৫-১৬০ টাকায় পাওয়া গেলেও তা এখন ১৭০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এ নিয়ে কথা হয় ডিম বিক্রেতা আব্দুল হাকিমের সঙ্গে। তিনি বলেন, এখনতো জিনিসপত্রের দাম সব কিছুই বেশি। মাছ ও সবজির দাম বাড়াতে ডিমের চাহিদা বেড়ে গেছে। আগের চেয়ে এখন বেশি দামে ডিম বিক্রি হচ্ছে।
প্রতি কেজি কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ২০০ টাকা, করলা ৮০ টাকা, শিম ৩০০ টাকা, শসা মানভেদে ৬০-৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১৬০ টাকা, গাজর ২০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা ও গোল বেগুন ১৬০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
এছাড়াও বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া ৮০ টাকা, প্রতি পিস লাউ ৭০-৮০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা, লেবুর হালি ৪০ টাকা, কচুরমুখী ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে অপরিবর্তিত রয়েছে, পেঁয়াজ, আলু, রসুন ও আদার দামে। গত সপ্তাহের মতই এদিনও প্রতি কেজি পেঁয়াজ ১১৫-১২০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, রসুন ২০০ টাকা ও আদা ২৬০-২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজির দাম বেড়েছে কি না জানতে চাইলে সবজি বিক্রেতা জালাল মিয়া জানান, গত সপ্তাহে তো সবজির দাম কিছুটা কম ছিল তবে এই সপ্তাহে দাম কিছুটা বেড়েছে। কেন বাড়ছে বলতে পারছি না। মনে হয়, বৃষ্টি ও বন্যার কারণে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে দাম বাড়তে পারে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের এমন ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকার পতনে চাদা কমে আসলেও ভাঙেনি সিন্ডিকেট। তাই সবজি থেকে শুরু করে মাছ, মুরগি সব কিছুরই দাম বাড়ছে। সরকারের উচিৎ এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া।
এ নিয়ে অনেকটায় ক্ষোভ জানিয়ে গৃহিণী আলেয়া বেগম বলেন, শুধু দাম বাড়ে, কোনো কিছুর দাম কমতে দেখি না। প্রতিদিনই কিছু না কিছুর দাম বাড়তেছে কিন্তু আমাদের আয় তো আর বাড়ে না। এইভাবে কতদিন চলা যায়। নতুন সরকার আসাতে ভেবেছিলাম, দাম কমবে। কয়েকদিন কিছুটা কম থাকলেও এখন তো আবার আগের মতই হয়ে গেছে।
এদিকে ইলিশের মৌসুম শেষ হতে চললেও দাম মোটেও স্বাভাবিক হয়নি। আর কয়েকটা দিন পরেই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচা বন্ধ হচ্ছে। ভালোমানের নদীর মিষ্টি পানির সুস্বাদু ইলিশ মাছ রফতানি হয়ে চলে যাচ্ছে ভারতে। বিক্রেতা ও ক্রেতাদের অভিমত এ সময় ইলিশ রফতানি না হলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতো।
মাছবাজারে খুচরা পর্যায়ে ১ কেজি ২শ/২৫০ গ্রাম ওজনের নদীর মিষ্টি পানির সুস্বাদু ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮শ টাকা, ৯শ গ্রাম ওজনের কেজি ১৫শ টাকা, ৭শ/৮শ গ্রাম ওজনের কেজি ১৪শ টাকা, ৫শ/৬শ গ্রাম ওজনের কেজি ১২শ টাকা, ৩টায় কেজি ৯শ টাকা, ৪টায় কেজি ৬শ টাকা। আর সাগরের নোনা পানির কম স্বাদযুক্ত ১ কেজি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৬শ টাকা, ৩টায় কেজি ৭শ টাকা ও ৪টায় কেজি ৫শ/৫৫০ টাকা দরে। বিক্রেতা এরশাদ আলী জানান, বাজারে ইলিশের আমদানি কিছুটা বাড়লেও তার অধিকাংশই ছোট মাছ। সাধারণ মানুষ তুলনামূলক কম দামে পেয়ে ছোট ইলিশ কিনছেন বেশি।
আড়ৎদার আলহাজ পিয়ার মুহাম্মদ জানান, ভারতে ইলিশ রফতানি হওয়ার কারণে ভালোমানের মাছের সরবরাহ কমেছে। এ কারণে ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তিনি বলেন নদীর ১ কেজি থেকে ১ কেজি ১শ/২শ গ্রাম ওজনের ইলিশের মণ পাইকারি ৭৫/৮৫ হাজার টাকা, ৯শ গ্রাম ওজনের ইলিশ ৭৪/৭৫ হাজার টাকা, ৭শ/৮শ গ্রাম ওজনের ইলিশ ৬২/৬৩ হাজার টাকা ও ৪শ/৫শ গ্রাম ওজনের ইলিশ ১২/১২৫০০ টাকায় বিক্রি করেছেন।
ইলিশ কিনতে আসা ক্রেতা মোঃ সিরাজ এ প্রতিবেদককে জানান, ভরা মৌসুমেও ভালোমানের ইলিশ জুটছে না। যা মিলছে তার দাম আকাশছোঁয়া। ওই মাছগুলো ভারতে রফতানি হচ্ছে। আর মাত্র ছয় দিন বাজারে ইলিশ বিক্রি হবে। এর পরে আসবে ডিম ছাড়া ইলিশ। যাতে তেমন কোনো স্বাদ পাওয়া যাবে না। ৩টা সাগরের ইলিশ ৭শ টাকায় কিনে তিনি বলেন, আমাদের এই ছোট সাইজের ইলিশেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
খুলনার মাছ বাজার গুলোতে বরিশাল, ভোলা ও বরগুনা জেলার ব্যবসায়ীরা ইলিশ মাছ বিক্রি করতে পাঠান। মোবাইল ফোনে কথা হয় বরগুনার পাথরঘাটা পাইকারি মৎস্য বিক্রয় কেন্দ্রের আড়ৎদার বাবুরাম কর্মকারের সাথে। তিনি জানান, বরগুনার পাথরঘাটা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে প্রায় ৩শ আড়ৎদার রয়েছেন। এখান থেকে ভারতে পাঠানোর জন্য রফতানিকারকরা বেছে বেছে ভালো মানের নদীর সুস্বাদু ৭শ গ্রাম থেকে ১ কেজি ও ১ কেজির বেশি ওজনের ইলিশ কিনছেন। তারা এদিন ঘাট থেকে ১ কেজি ও ১ কেজির ওপরের ইলিশ কিনেছেন ১৭শ ৫০ টাকা ও ৭শ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন ১৩শ ৭৫ টাকা দরে।
এদিকে মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী সপ্তাহ অর্থাৎ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকারি নির্দেশনা অনুয়ায়ী সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ,বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।











































