ঢাকা অফিস।।
দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।











































