স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের শেষের দিকে এসে সাফল্যের জোয়ারে ভাসছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুইটি কোপা আমেরিকার পাশাপাশি জিতেছেন ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বিশ্বকাপ শিরোপা। ক্লাব ইন্টার মায়ামির হয়েও সাফল্য পাচ্ছেন তিনি। যার সবশেষে সংযোজন সাপোর্টার্স শিল্ড শিরোপা।
কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতেছে ইন্টার মায়ামি। জোড়া গোল দিয়ে এই জয়ের নায়ক মেসি। দলের জয়ে আরেকটি গোল করেছেন লুইস সুয়ারেস। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। আর লিওনেল মেসি নিজের ক্যারিয়ারে ৪৬তম ট্রফির স্বাদ পেলেন।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি খুশি। আমরা যা করেছি, তা নিয়ে খুশি। মৌসুমের শুরুতে আমরা জানতাম যে, এই শিরোপার জন্য লড়াই করতে পারে এই দল। শুরু থেকেই আমরা নিয়ন্ত্রণ নিয়েছি, লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের আছে। প্রথম লক্ষ্য পূরণ হলো, আমি খুশি। এখন পরেরটিতে আমাদের চোখ।’
ইন্টার মায়ামির কৌশল নিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয় কোচ জেরার্দো মার্তিনোর সঙ্গে আমরা (মেসি, আলবা, সুয়ারেস, বুসকেতস) যোগ হওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল মাঠে দাপট দেখানো এবং বল তাড়া করা, নিজেদের পায়ে বল রাখা। গুরুত্বপূর্ণ ফুটবলাররা যোগ হওয়ার পর খেলার ধরন ও মানসিকতার দিক থেকে দলটা গড়ে উঠেছে। আমরা প্রতিটি ম্যাচেই এখন লড়াই করি।’











































