Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

114
নদের জলে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। বানার নদ, শ্রীপুর, গাজীপুর

বাঁধার মুখে আড়ংঘাটা স্কুলে যোগদান করতে পারেননি অভিযুক্ত কিরীটী
স্টাফ রিপোর্টারঃ
খুলনায় প্রাথমিকের বিতর্কিত সহকারী শিক্ষক কিরীটি রায় অভিভাবক ও এলাকাবাসীর বাঁধার মুখে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। গতকাল সোমবার সকালে তিনি ওই স্কুলে যোগদান করতে গেলে তার কীর্তিকলাপ এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। একারনে নানা অভিযোগে অভিযুক্ত এই শিক্ষককে যোগদান করতে দিলে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হবে- এ দাবিতে অভিভাবক ও এলাকাবাসী স্কুলের মেইনগেটে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে বিতর্কিত সহকারী শিক্ষক কিরীটি রায় স্কুলে প্রবেশ করলে বিক্ষোভকারীরা তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে শিক্ষা কর্মকর্তারা ও পুলিশ উপস্থিত হলে এলাকাবাসীর সঙ্গে বৈঠকের পর শিক্ষক করীটী রায়কে ওই স্কুল থেকে ফিরিয়ে আনা হয়। এদিকে, বিতর্কিত এই শিক্ষককে ওই প্রতিষ্ঠানে যোগদান করতে না দেওয়া এবং তাকে অনত্র বদলীর দাবীতে স্কুলের প্রধান শিক্ষক ও এলাকাবাসী আলাদা আলাদা অভিযোগ দাখিল করেছেন প্রাথমিক শিক্ষা অফিসে।
প্রধান শিক্ষক মোঃ এনায়েতুল হক কর্তৃক লিখিত আবেদনে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে এসে দেখি কে বা কারা বিদ্যালয়ের মূল ভবনের প্রধান ফটকে তালা মেরে রেখেছে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের বিশাল জমায়েত। পরবর্তীতে অভিভাবকদের সাথে আলাপ করে জানা গেল যে, তারা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছেন যে, সহকারী শিক্ষক কিরীটি রায় এই বিদ্যালয়ে যোগদান করতে আসছেন। কিন্তু তারা এই শিক্ষকের চরিত্র সম্পর্কে আগে থেকেই সম্পূর্ন অবগত আছেন। সে আগে কার্ত্তিককুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিল এটাও তারা অবগত। এমতাবস্থায় তিনি বিদ্যালয়ে যোগদানের জন্য আসেন। কিন্তু অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গে তীব্র বাঁধার সমূখীন হন। উদ্ভূত পরিস্থিতিতে তৎক্ষনাৎ শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে সরজমিনে পরিদর্শনে আসেন। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বিক্ষুব্ধ অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গকে প্রতিশ্রুতি দেন।
অপরদিকে, এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেন আমরা এলাকাবাসী পত্রিকার মাধ্যমে জানতে পারলাম চরিত্রহীন শিক্ষক কিরীটী রায়কে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখার স্বার্থে উক্ত শিক্ষককে অত্র বিদ্যালয়ে যোগদান করতে দেবো না। উক্ত শিক্ষককে অন্যত্র বদলির অনুরোধ করছি।
এব্যাপারে থানা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান বলেন, উদ্ভুত পরিস্থিতির বিবরণ এবং অভিভাবকদের বক্তব্য ও লিখিত অভিযোগ জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। তবে এবিষয়ে কথা বলার জন্য ফোন করা হলে জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওহিদুল আলম ফোন রিসিভ করেনি।
উল্লেখ্য, বিতর্কিত শিক্ষক কিরীটী রায়কে গত ২৯ সেপ্টেম্বর নগরীর উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে নানা অভিযোগে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাস্তিমূলক বদলি করা হয়। এই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানী, নারী শিক্ষকদের হেনস্থা, ইভটিজিং ও ৫ জন নারী শিক্ষকের শরীরের স্পর্শকাতর অংশের ছবি তোলা এবং বদলিকৃত প্রধান শিক্ষকের সাথে খারাপ আচরণের অপরাধ প্রমানীত হওয়ায় তাকে বদলি করা হয় বলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। কিরীটী রায় দীর্ঘদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় জেল খেটেছেন। গত ১ বছর ধরে তিনি বরখাস্ত আছেন। তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা কালীন তার বিরুদ্ধে অন্তত ৫টি বিভাগীয় মামলা হয়েছে। কয়েকটি মামলার সাজা এখনও অপেক্ষামান আছে। এতসব অপরাধের পরেও তাকে এই স্কুলে যোগদানের সুযোগ দিয়েছিল খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকদের চাপে কিরীটী রায় এই স্কুলে যোগদান না করে পালিয়ে যায়। ফলে বাধ্য হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেছে। আজ সোমবার তাকে এই বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় কিরীটী রায় তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য আসেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর এলাকাবাসী প্রধান শিক্ষকের টেবিলের রেজিস্টার বই, শিক্ষক হাজিরা বই, রিটার্ন ফাইল ও কিরীটী রায়ের যোগদানের কাগজ নিয়ে যায়। শিক্ষকদের অনুরোধে তারা কাগজপত্র ফেরত দেয়। ঐদিন ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগে গণস্বাক্ষর করে কিরীটী রায়কে এই স্কুলে যোগদান না করানোর দাবি করেন। ঐ দিন অভিভাবকরা অভিযোগ পত্রে উল্লেখ করেছিলেন, এই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানী, নারী শিক্ষকদের হেনস্থা, ইভটিজিং ও ৫ জন নারী শিক্ষকের শরীরের স্পর্শকাতর অংশের ছবি তোলা, বিনা অনুমতিতে একজন সহকারী শিক্ষীকার সাথে গোপন পাসপোর্টে একাধিকবার ভারত ভ্রমণ করার জন্য বিভাগীয় মামলা আছে। আমরা এইসব বিভাগীয় মামলার নিরপেক্ষ তদন্ত চাই ও শাস্তি চাই।
কিরীটী রায়ের বদলির বিষয়ে অভিভাবকরা জানিয়েছিলেন, তার মত একজন বিতর্কিত শিক্ষককে আমরা এই স্কুলে দেখতে চাই না। কিছুদিন আগে তিনি ৫ জন নারী শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন ১শত পৃষ্ঠার অভিযোগপত্র প্রস্তুত করে ঐ শিক্ষকদের অন্য স্কুলে বদলির ব্যবস্থা করেছিলেন। কিরীটী রায় ২০০৯ সালে প্রথমবার তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ঐ বছর একজন ছাত্রকে অমানবিক প্রহার কারার অভিয়েগে তাকে এই স্কুল থেকে শাস্তিযোগ্য বদলি করে দৌলতপুরের কার্তিককুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে দুই জন নারী শিক্ষক তার রিরুদ্ধে মামালা করেন। সেখান থেকে তাকে মেরে তাড়ানো হয়। এরপর তাকে শাস্তিযোগ্য বদলি করে দাকোপের কালাবগী সালেহা হাফেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে তিনি বড় ধরনের অপকর্ম লিপ্ত হয়ে আবার ২০১৬ সালে এই স্কুলে যোগদান করেন। এরপর একাধিকবার বিভাগীয় মামলা খেয়ে তিনি এই স্কুলের পরিবেশ নষ্ট করে চলেছেন। এখন তিনি বরখাস্ত আছেন। আমরা আর তাকে এই স্কুলে দেখতে চাই না। উল্লেখ্য, এই শিক্ষক ১৭ বছরের চাকুরী জীবনে এই নিয়ে ৭ বার স্কুল পরিবর্তন করেছেন, গুরুতর অপরাধে একাধিকবার শাস্তিযোগ্য বদলী হয়েছেন, তার বেতনের একটি বড় অংশ শাস্তিযোগ্য অপরাধের জন্য কর্তন হয়। বিভিন্ন অপরাধে শিক্ষা অফিসের তদন্তে তার বিরুদ্ধে যে সব বিভাগীয় মামলা আছে সেগুলোর প্রকৃত সাজা হবে বলে মনে করেন ভুক্তভোগীরা।

ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা:
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টায় আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজ সেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আফিয়া জান্নাত শান্তা ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জাহিন মাহদিয়াত খান দ্বিতীয় ও শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খান আছিয়া তাবাচ্ছুম তৃতীয় স্থান অধিকার করেন। #

সাতক্ষীরার তালায় ভূগর্ভস্থ থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা তালার গোপালপুর সুইচগেটের সামনে খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর সুইচগেট জনবসতি এলাকার সরকারি খালের ভূগর্ভস্থ থেকে বিগত ১০ দিন ধরে বলগেট দিয়ে বালু উত্তোলন কাজ চলছে! ধারাবাহিকভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে মাঝিয়াড়া গ্রামের মজিদ সরদারের ছেলে শামিম সরদার। অত্র এলাকায় ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের ফলে অচিরেই ভূমিধ্বসের সৃষ্টি হবে বলে সচেতন মহলের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন এর অনুমতিতে খালের পলি কাটার নামে সরকারি খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।এ বিষয়ে শামিম সরদার এর সাথে আলাপের চেষ্টাকালে বলগেট এর উপরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তালা উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর সাথে মুঠোফোনে আলাপকালে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ইমরান এর অনুমতিতে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বালু মহল ছাড়া বলগেট দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যদি কেউ বলগেট দিয়ে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেশবপুর প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর
কেশবপুর (যশোর)প্রতিনিধি
কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে এক সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, রমেশ দত্ত, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য আব্দুল করিম, শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মাহবুবুর রহমান প্রসুখ। আলোচনা শেষে বিদায়ী সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

বিএনপি নেতা গাজী তফসীরের সাথে এলাকাবাসীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের কুমরালী গ্রামস্থ একতা যুব সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা বাচ্চু মোল্লা সভায় সভাপতিত্ব করেন। বিএনপি নেতা কায়েস সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন উকিল, ইউপি সদস্য আল আমিন সরদার, বিএনপি নেতা এ এম আমিনুর রহমান, সরদার রনি, নিরঞ্জন বিশ্বাস, রবিউল ইসলাম, শেখ শামিম, এমদাদুল হক, জাহাঙ্গীর, লিটন বিশ্বাস, জালাল গাজী, জয়নুল আবেদীন, মাসুদ ফারাজী প্রমুখ। পরে বাদ মাগরিব ইউনিয়নের থুকড়ায় তার নিজ গ্রামের বাড়িতে এ বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ-সময় উপস্থিত ছিলেন, সরদার আজিজুল ইসলাম, সুজন, শেখ সোবহান, শেখ হাকিম, প্রদীপ রায়, অনিমেষ মন্ডল, শুভাষ মন্ডল, অঘর মন্ডল, বলয় মন্ডল, শেখ ইমরান হোসেন, শেখ সেলিম, স্বপন মন্ডল, হাফিজ সরদার, গণেশ মন্ডল সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। সফরকালে তিনি তার মরহুম পিতা-মাতার কবরে সালাম ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পেশ করেন।

সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর আহবায়ক কমিটি গঠন
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনান্তে এ সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে দৈনিক আলোর পরশ এর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনকে আহবায়ক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক সংবাদ ও দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আব্দুল আলিম। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের একটি পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দি ডেইলি পিপুলস লাইফ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম, দৈনিক বিকাল বার্তার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক আমার বার্তা পত্রিকার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু বকর, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক আজাদ পত্রিকার জেলা প্রতিনিধি হাফেজ মোঃ আবুল হোসেন, দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলী, দ্যা নিউজ প্লাস টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার, দি ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনি প্রমুখ।

রূপসায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
রূপসা প্রতিনিধি
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ৩০ সেপ্টেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,তথ্য কর্মকর্তা দিলশানারা,পল্লী দারিদ্র্য বিমোচোন কর্মকর্তা রেহেনা আক্তার,রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান,তাবাসসুম কবীর তাছনিম,কাজী মালিহা মাহমুদ,আছিয়া খাতুন প্রমূখ।

রূপসায় কৃষকেরা খাল দখল মুক্ত চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার সামন্তসেনা এলাকায় পদ্মবিলের প্রবাহমান আঠারোবেকী নদীর সংযোগ খালটি দখলের হাত থেকে রক্ষা পেতে গত ২৯ সেপ্টেম্বর সকালে শত শত কৃষক বিক্ষোভ সমবেশ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয় কৃষকরা। কৃষক বাঁচলে-দেশ বাঁচবে এই ধারাবাহিকতায় কৃষকের বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন- নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান, তপন সরদার প্রমূখ।
স্মারকপত্রে জানা যায়- তিলক, পাথরঘাটা, দেবীপুর, নেহালপুর সামন্তসেনা, মৌজায় বসবাসকারী ক্ষতিগ্রস্থ জনগণ পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর আওতায়। এই সমগ্র এলাকার পানি সরবরাহের জন্য ৪টি গেট দ্বারা আঠারোবেকী নদীতে দ্রুত সংযোগ দিত। এ বিলে কৃষকরা প্রায় ৩ হাজার বিঘা জমিতে কৃষি ফসল ফলন সহ মৎস্য চাষের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা বিক্রয়পূর্বক দেশের চাহিদা পূরণ করতো।
ভুক্তভোগী কৃষকরা আরো জানায়- পদ্মপুকুর মৎস্যজীবী সমবায় সমিতি উত্তর বেদকাশী কয়রা, খোজাডাঙ্গা (বন্ধ) জলমহাল ইজারা নিয়ে আমাদের পদ্মবিলের পানি নিয়ন্ত্রন গেটের সমনে প্লাস্টিকের পাটা দিয়ে পানি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। অথচ তাদের ইজারাকৃত জলমহল এবং আমাদের পদ্মবিল খাল দুটি ভিন্ন এলাকায় অবস্থিত। তা স্বত্ত্বেও আমাদের প্রবাহমান পদ্মবিলের খাল জোরপূবর্ক দখলে নিয়েছে। এজন্যে আমরা কয়েকটি গ্রামের কৃষি ও মৎস্যজীবি মানুষ অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছি। এই পদ্ম বিলের পানি খালে প্রবাহমান পথে বাধ সৃষ্টি করলে আঠারোবাকী নদীর সাথে আমাদের এলাকার খাল অকেজো হয়ে পড়বে। আমাদের নির্মিত গেটও অকেজো হবে। তাতে খালের অস্তিত্ব বিলীন হয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। কৃষক বাঁচলে-দেশ বাঁচবে এই ধারাবাহিকতায় কৃষক বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন- টিএসবি সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান।

কালিগঞ্জে দূর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসনের সাথে পূজা কমিটির মতবিনয় সভা

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১২টি ইউনিয়নের ৪৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাছুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার দায়িত্বরত মেজর মুশফিকুর রহমান ও মেজর সাকিব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বিজিবির নায়েক সুবেদার আরিজুল ইসলাম, নায়েক সুবেদার জুলমাত আলী, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ খায়রুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান আজিজুর রহমান, চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ ,গোবিন্দ কাটি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি দিলীপ সরকার, চালতেতলা পূজা মন্ডপের সভাপতি বিশ্বরূপ ঘোষ প্রমূখ। সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৪৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা, নির্বিঘ্নে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। পূজার দিনগুলিতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আগামী ২ অক্টোবর মহালয়ার দিন থেকে পূজা মন্ডপগুলি উপজেলা প্রশাসনের ও থানা পুলিশের পক্ষ থেকে তদরকি এবং পূজা কমিটির সাথে মতবিনিময় করবে। পূজা মন্ডপগুলি নিরাপত্তার কারণে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। পূজা কমিটির সাথে সার্বক্ষণ যোগাযোগের জন্য উপজেলা একটি কন্ট্রোল রুম খোলা থাকবে ।পূজা মণ্ডপ গুলিতে স্থানীয় স্বেচ্ছাসেবক এর পাশাপাশি গ্রাম্য চৌকিদার, আনসার ভিডিপি ,থানা পুলিশ ছাড়াও বিজিবি ও সেনাবাহিনী টহলে থাকবে। আগামী ৯ অক্টোবর ২০২৪ থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ১৩ ই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষার্থী মাহা শাকিব প্রমূখ অনুষ্ঠানে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ।
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হক, খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফজলুল করিম ,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাক্তার রিফাত রহমান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রমজান আলী,
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া সাব রেজিস্ট্রার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ কুমার মল্লিক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা পাট ব্যাবস্থাপনা কর্মকর্তা নিলয় মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম।
চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ হুমায়ূন কবির বুলু,মোঃ জহুরুল হক,মোঃ তুহিনুল ইসলাম তুহিন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল,আব্দুল লতিফ জমাদার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হুমায়ুন, ডুমুরিয়া সহকারী মহিলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান। বিশেষভাবে ডুমুরিয়া উপজেলায় পলিথিন ব্যাগ ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ এই ঘোষণা অমান্য করে পলিথিন বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে উৎসব মুখর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৯৯টি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত নেয়া হয়।

শ্যামনগরে ৬৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা’র শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে গোটা উপজেলা জুড়ে চলছে প্রতিমা তৈরির কাজ। যে কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের জানিয়েছেন, এ বছর উপজেলায় ৬৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। গত বছর এ সংখ্যাটি ছিল ৭১টি।জানা গেছে, এ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলছে প্রতিমা নির্মাণের কাজ। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা নির্মাণে মহা ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নভিত্তিক পূজামণ্ডপের মধ্যে রয়েছে শ্যামনগর পৌরসভায় ১১টি, ভূরুলিয়া ইউনিয়নে ২টি, কাশিমাড়ি ইউনিয়নে ৩টি, নূরনগর ইউনিয়নে ৩টি, কৈখালী ইউনিয়নে ৫টি, রমজাননগর ইউনিয়নে ৮টি, মুন্সীগঞ্জ ইউনিয়নে ৯টি, ঈশ্বরীপুর ইউনিয়নে ৪টি, বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৮টি, আটুলিয়া ইউনিয়নে ৭টি, পদ্মপুকুর ইউনিয়নে ২টি ও গাবুরা ইউনিয়নে ২টি।উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা জানান, প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পূজার এক সপ্তাহ আগে থেকে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড়ের কাজ শেষ করা হবে। এ বছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা নির্মাণের খরচ একটু বেশি হচ্ছে বলে জানান তারা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল জানান, এ বছর উপজেলায় মোট ৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে কিছুটা ভয় ও সংশয় আছে। প্রত্যকটি মণ্ডপে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়াও বিগত সময়ের মতো বড় মন্দির বা মণ্ডপগুলোতে সেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। উপজেলায় আসন্ন দুর্গোৎসবকে উৎসবমুখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।পঞ্জিকা মতে,২ অক্টোবর মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠবে দেবীর আগমনি বার্তা। ৮ অক্টোবর দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী পূজা। ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী পূজা। মহানবমী পূজা ১২ অক্টোবর। দশমী বিহিত পূজা সমাপনান্তে দেবী বিসর্জন ও দশ হরার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিঘলিয়ায় জনৈক সজিবের বিরুদ্ধে ভুয়া লাইসেন্স ও একাউন্ট দেখিয়ে এলজিইডির কাজের টাকা উত্তোলনের অভিযোগ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মোঃ আফসার উদ্দিন খানের পুত্র মোঃ সাজিবুল হাসান খানের বিরুদ্ধে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যাডে ভুয়া ট্রেড লাইসেন্সে ভুয়া মালিক সেজে পূবালী ব্যাংক লিমিটেড দৌলতপুর শাখায় উক্ত প্রতিষ্ঠানের একাউন্ট খুলে নিয়ম বহির্ভূতভাবে এলজিইডি খুলনা কর্তৃক প্রদত্ত চেক জমা দিয়ে টাকা উত্তোলন করে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেসার্স রুম্মান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী একই উপজেলার হাজীগ্রামের মৃত মহিউদ্দিন মোল্যার পুত্র মকবুল হোসেন মোল্যা সাজিবুল হাসান খানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ এনে খুলনার আদালতে মামলা দায়ের করেছেন এমনটাই জানা গেছে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদনের ভিত্তিতে।
ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের উক্ত সাজিবুল হাসান খান। তিনি দিঘলিয়া উপজেলার একজন লাইসেন্সবিহীন সাব কন্ট্রাক্টর। তিনি মেসার্স রুম্মান ট্রেডার্সের ঠিকাদারী কাজ সাব কন্ট্রাক্টর হিসেবে করেন। উক্ত মকবুল হোসেন স্বত্তাধিকারি মেসার্স রুম্মান ট্রেডার্স গত ৬/১০/২০২৪ ইং তারিখে ৫% নিম্ন দরে এলটিএম পদ্ধতিতে খুলনা জেলার রূপসা উপজেলাধীন ১, ৪৮, ৩৩, ৮৭৮ টাকার কাজ প্রাপ্ত হয়। কাজটির চুক্তি মূল্য ১, ৪০, ৯২, ১৮৪ টাকা ১০ পয়সা। কাজটির (ই-টেন্ডার আইডি নং ৭২৪৯৩২)। উক্ত কাজের এঙইগ বিল গত ২/০৯/২০২৪ ইং তারিখে চেক নং (৯৬৭০০১৭), টকা ১৭, ১৮, ৮৬০ টাকা খুলনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আমি গ্রহন করে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর প্রোঃ মোঃ আফসার উদ্দিন খানের পুত্র মোঃ সাজিবুল হাসান খানের নিকট উক্ত কাজের অনুকূলে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড খুলনা শাখা, মেসার্স রুম্মান ট্রেডার্স হিসাব নং ০০০৬১১১০১০২৭৬ এ জমা দেওয়ার জন্য প্রদান করি। কিন্তু উল্লেখিত সজিব পূর্ব পরিকল্পিতভাবে চেকটি সংশ্লিষ্ট হিসাবে জমা না দিয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের প্যাডে ভুয়া লাইসেন্সে ভুয়া মালিক সেজে পূবালী ব্যাংক দৌলতপুর শাখায় উক্ত প্রতিষ্ঠানের নামে একাউন্ট খুলে নিয়ম বহির্ভূতভাবে চেকটি ভাঙ্গিয়ে অর্থ আত্নসাৎ করে পালিয়ে বেড়াচ্ছে। কাজের অনুকূলে লাইসেন্সধারী স্বত্ত্বাধিকারী উক্ত টাকা চাইতে গেলে সে টাকা দিবে না এবং লাইসেন্সধারী মকবুলকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করছে বলে তিনি এ প্রতিবেদককে জানান। তিনি এ প্রতারক সজিবের নিকট পাওনা টাকা ফেরৎ ও প্রতারণার শাস্তি দাবী করে খুলনা আদালতে মামলাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। উল্লেখ্য উক্ত সজিবের বিরুদ্ধে এলজিইডি ও অন্যান্য কাজের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। দিঘলিয়া উপজেলার উন্নয়ন কাজের মাঠে তার বেপরোয়া কার্যক্রমে বিজ্ঞমহলের জিজ্ঞাসা এ সজিবের খুটির জোর কোথায়?

খুবিতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি পেলেন ২৫ শিক্ষার্থী
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা অর্থ ও দিকনির্দেশনার অভাবে সঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। অনেক সময় অর্থকষ্টে পড়াশোনা বাদ দিয়ে তাদের উপার্জনে নামতে হয়। উচ্চ শিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতা পেলে হয়ত তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, বিভিন্ন উন্নয়ন ও সেবাধর্মী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত।
৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বনফুল’ আয়োজিত উচ্চ শিক্ষার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর অনুপাত সমান। ফলে এখানে ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসন সংকট রয়েছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের হলে সিট দেওয়া সম্ভব হয় না। এতে দূর-দূরান্তের অনেক ছাত্রী ভোগান্তিতে পড়ে। তাদের জন্য মানবিক দিক বিবেচনায় বনফুলের পক্ষ থেকে ছাত্রী হোস্টেল করা সম্ভব হয় কি না বিষয়টি ভেবে দেখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে তিনি ‘বনফুল’ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির দ্বিতীয় ধাপের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন বনফুল এর সভানেত্রী বেগম রেহানা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বনফুল এর নির্বাহী পরিচালক আফরোজা ইসলাম। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বনফুল এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকিয়া আখতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।

খুবির নিরাপত্তা হাবিলদার কামালের পিতার মৃত্যুতে
প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের শোক

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা হাবিলদার মো. কামাল হোসেন এর পিতা মো. তৈয়ব আলী খান ৩০ সেপ্টেম্বর (সোমবার) আনুমানিক সকাল ১০.৩০ মিনিটে নগরীর শিপইয়ার্ড মোল্লাপাড়া মসজিদ রোডস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজা নামাজ শেষে তাকে জিন্নাপাড়া হাজী আব্দুল মালেক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম নিরাপত্তা হাবিলদার মো. কামাল হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং নিরাপত্তা শাখার সিকিউরিটি অফিসার মাশারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

রামপালে বিএনপি নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুর ১ টায় উপজেলার মুজিবনগর গ্রামে বিএনপির উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ আরিফ হোসেন এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, উপজেলার রোমজাইপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে জামায়াতের পরিচয় দানকারী নেতা গিয়াস উদ্দিন মোল্যা কয়েকদিন পূর্বে ঘের দখল, লুটপাট, হামলা ও মারপিটের অভিযোগ করেন। তিনি অভিযোগে বাশতলী ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা শেখ আব্দুল্লাহকে ঘিরে একটি কুচক্রীমহল অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়। শেখ আব্দুল্লাহ বিগত আওয়ামীলীগ আমলে রাজপথে থাকায় হামলা মামলায় জর্জরিত হওয়ার পরে ও রাজপথে থেকে সুনামের সাথে দলীয় দায়িত্ব পালন করেছেন। ঘের বেড়ি দখল ও মাছ লুট সংক্রান্ত বিষয়ে কয়েক দিন পূর্বে রামপাল থানার ওসি সোমেন দাশ সমস্যার সমাধান করেন। সেখানেও আব্দুল্লাহ নিয়ে কোন অভিযোগ ওঠেনি। হটাৎ করে জামায়াতের বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিন শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করতে এবং কতিপয় আওয়ামীলীগের নেতা কর্মীদের মৎস্য ঘের কৌশলে হাতিয়ে নিতে ও তাদের দলে ভেড়াতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। গিয়াস মোল্যা সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদের পরামর্শে ও তার সমর্থনে তাতীলীগের সহ প্রচার সম্পাদক হুসাইন গাজী, পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সদস্য ডালিম গাজী ও আওয়ামীলীগ কর্মী শেখ তুহিনকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছে।
গিয়াসের এমন সামর্থ্য নেই যে মাছ বিহিন ঘের কিনবে ! তার ২৬ লক্ষ টাকা কি করে ক্ষতি হলো সেটিও প্রশ্ন করা হয়। আব্দুল্লাহ জানান, জামায়াতের দায়িত্ববানদের প্রতি আমার আহবান কি করে, কার প্ররোচনায় এমনটি করলো গিয়াস? তিনি তদন্ত করে গিয়াসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের দাবী কারেন।
এতসব অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যে সব অভিযোগ করেছি তা সত্য। তবে ঘের মালিকদের নাম বললেও জামির মালিক কারা তাদের নাম তিনি ঠিক করে জানাতে পারেননি।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তো উভয়পক্ষের সাথে কথা বলে ফয়সালা করে দিয়েছি। এ নিয়ে অপপ্রচারের সুযোগ নেই।#

পবিস,অভিন্ন সার্ভিস কোড চালু, চাকুরী নিয়মিতকরণের দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের
পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এই সাথে পল্লী বিদ্যুৎ সমিতিকে (পবিস) একীভূতকরণের মাধ্যমে অভিন্ন সার্ভিস কোড চালু এবং পবিস এর চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়েছে পিরোজপুর পবিস।
এই দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পিরোজপুর পবিস এর কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, বিআরইবি মারাত্মক দুর্নীতির সাথে জড়িত। তাদের এসব দুর্নীতি ও অপকর্মের কারণে মাঠ পর্যায়ে পবিস এর কর্মকর্তা কর্মচারীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া বিআরইবি নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় করে গ্রাহকদের প্রতারিত করছে বলেও অভিযোগ করেন বক্তারা। তাদের অভিযোগ, বিআরইবি বিভিন্নভাবে পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতন করছে। বিআরইবি ও পবিস এর সমপর্যায়ের কর্মকর্তাদের বেতনের ক্ষেত্রে চরম গ্রেড বৈষম্য রয়েছে। তাই এ সকল বৈষম্য থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তারা বিআরইবি ও পবিস একিভূতকরণের দাবি জানানোর পাশাপাশি পবিসের সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবি জানান।

সাবেক কাউন্সিলরের কাছে অস্ত্র আছে, এমন তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজনু গাজীর কাছে আগ্নেয়াস্ত্র আছে, এমন মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এলাকায় জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে মানুষের কাছ থেকে দূরে সরাতে এমন প্রপাগাণ্ডা চালিয়ে কুচক্রী একটি মহল কি ফায়দা হাসিল করতে চাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। ষড়যন্ত্র ও হেয় প্রতিপন্ন করতেই স্থানীয় প্রতিপক্ষ আসন্ন পৌর নির্বাচনের ইস্যু করে এমনটা ছড়াচ্ছেন বলে জানা গেছে।
সরেজমিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার গত শেষ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। কাউন্সিলর জয়ী হয়েই মজনু গাজী এলাকায় উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড শুরু করেন। তার এলাকার বিপর্যস্ত সড়ক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেন। এছাড়া এলাকায় নতুন নতুন সড়ক নির্মাণেও ব্যাপক ভূমিকা নেন। এসবের পাশাপাশি লবণ পানি অধ্যুষিত এলাকায় সুপেয় পানি সরবরাহ, হত দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, মাদক ও সন্ত্রাস দমনে নানামুখী তৎপরতা চালিয়ে আর্থসামাজিকের ব্যাপক উন্নয়ন করে সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করে। এসব উন্নয়নে বিগত পৌর নির্বাচনে পরাজিত একটি স্বার্থান্বেষী মহল সাবেক কাউন্সিলর মজনু গাজীর জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে সম্প্রতি নানা অপপ্রচার চালাতে শুরু করে। সদ্য রাজনীতির পট পরিবর্তনকে পুঁজি করে কুচক্রী মহলটি তাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এদের রোষানলে পড়ে মজনু গাজী নানাভাবে অপপ্রচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে সাবেক কাউন্সিলর মজনু গাজী বলেন, তাকে জড়িয়ে এলাকার প্রতিপক্ষ একটি গ্রুপ সরকারি সম্পত্তি দখল করে মার্কেটে নির্মাণ, মৎস্য ঘের দখল এবং তিনি নাকি এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছেন বলে মিথ্যা অপবাদসহ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু করছেন বলেও জানান তিনি।

মায়ের কোল থেকে পড়ে প্রাণ গেলো এক মাস বয়সী সন্তানের
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮দিকে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে ঈদগাঁপাড়ায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ভাংবাড়ীয়া গ্রামের মানিকের ছেলে।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আসমাতুল্লাহ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। সন্ধার পর মায়ের কোলে ছিল এক মাসের শিশু সন্তান। হঠাৎ অসাবধানতায় হাত থেকে পড়ে ইটের গাঁথনির ওপর শিশুটির মাথা পড়ে। এতে মাথাথ প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণ হতে থাকে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

তরুণীর বিকৃত যৌনাচারের শিকার হয়ে প্রাণ দিতে হয় তাসনিমাকে
নিজস্ব প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় আলোচিত শিশু তাসনিমা খাতুন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তরুণীর বিকৃত যৌনাচারের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে শিশু তাসনিমাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন তাসনিমাকে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। রোববার (২৯ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তহিদুর রহমান (৫৫), তহিদুর রহমানের স্ত্রী নিরু বেগম (৪২) ও তাদের মেয়ে ইশিতা আক্তার ঋতু (১৯)। নিহত শিশু তাসনিমা দক্ষিণ শ্রীরামপুর গ্রামের রজিবুল ইসলামের মেয়ে।

এর আগে, মরদেহ উদ্ধারের পর অপমৃত্যুর মামলার এজাহারে শিশুটির বাবা রজিবুল ইসলাম উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে তার ছোট মেয়েকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পুকুরে মেয়ের মরদেহ ভাসতে দেখেন।

পিবিআই ও পুলিশ জানায়, ২০ জুলাই যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় পাঁচ বছর ছয় মাস বয়সী শিশু তাসনিমা খাতুন। পরদিন বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভেবে স্বজনরা মরদেহের ময়নাতদন্ত করতে চাননি। তবে শিশুটির ঠোঁটে ছোট দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ শিশুটির মরদেহ দাফনের অনুমতি না দিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রায় দুই মাস পর ১৫ সেপ্টেম্বর ময়নাতদন্তের প্রতিবেদন থানায় আসে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে যৌন নিপীড়নের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ভাসমান মরদেহ উদ্ধার হওয়ায় শিশুটির পরিবারের লোকজন কাউকে সন্দেহ করেনি। পুলিশের অটল সিদ্ধান্তে ময়নাতদন্ত করা হয়।

বাঘারপাড়া থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, নিহত শিশুটির ঠোঁটে ছোট একটি দাগ ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় দাগটি পুলিশের নজরে আসে। দাগটি দেখে সন্দেহ হয়। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে যৌন নিপীড়নের পর গলা, নাক ও মুখ চেপে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে শিশু তাসনিমা হত্যা মামলার পর পিবিআই হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে তারা আসামি চিহ্নিত করে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাসনিমাকে হত্যা ও মরদেহ পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। স্বীকারোক্তিতে জানা যায়, তরুণী ইশিতা আক্তার ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত। গত ২০ জুলাই সকালে গ্রেফতারকৃত ইশিতা আক্তার ঋতুদের বাড়িতে আসে শিশু তাসনিয়া। ঋতু শিশুটিকে তার রুমের মধ্যে নিয়ে জোরপূর্বক যৌন আসক্তি চরিতার্থ করতে থাকে। যৌনাঙ্গে আঘাতের কারণে শিশু তাসনিয়া চিৎকার করতে থাকলে তাকে চড়-থাপ্পড় মারে।

মারধর করার কারণে আহত শিশু তাসনিয়া গোঙাতে থাকে। একপর্যায়ে ইশিতা আক্তার ঋতু তাদের ঘরে থাকা শাবল দিয়ে তাসনিয়ার মাথার পিছনে আঘাত করেন। তারপরও গোঙাতে থাকায় তাকে (তাসনিয়া) গলাটিপে হত্যা করেন। পরে শিশু তাসনিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি ঋতুর বাবা তহিদুর রহমান ও মা নিরু বেগম জানার পর মরদেহ প্রথমে তাদের ঘরের মধ্যে রক্ষিত প্লেনশিটের বাক্সের মধ্যে লেপ পেঁচিয়ে গোপন করে রাখেন। এরপর ২১ জুলাই রাত আড়াইটার দিকে গোপনে বাড়ির পাশে রাজ্জাক খাঁর পুকুরে ফেলে দেন।

হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে ফুলবাড়িগেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সোমবার ৩০ ( আগস্ট) বাদ আছর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ঈমাম মোঃ হাফিজুর রহমান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম।প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হুমায়ুন কবির বাচ্চু, জাব্দীপুর মাদ্রাসার সুপার মুফতি মানসুরুল রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আজিজুর রহমান, সাবেক কেসিসি ২ নং ওয়ার্ড কমিশনার মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ শোয়ায়েব, মাওলানা জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, ক্কারী কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রিন্স, বিএনপি নেতা ইকবাল হোসেন মিজান, জাহিদুল ইসলাম প্রমুখ।এর আগে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল খুলনার যশোর-মহাসড়কের ফুলবাড়িগেট এলাকা প্রদক্ষিণ করে। ফুলবাড়িগেট এলাকার তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

বটিয়াঘাটায় জাতীয় কন্যাশিশু দিবস -২০২৪ পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, তথ্য কর্মকর্তা মিতালী মন্ডল, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,থানা প্রতিনিধি এস আই শফিকুল ইসলাম, হাঙ্গার প্রজেক্ট অফিসার সুপ্রিয়া দেবী সহ উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্টানের পর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।

ঝিনাইদহ আইএইচটি’র হিসাব রক্ষক প্রদীপসহ তার তিন সহযোগী বহাল তবিয়তে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই, এইচ,টি) এর হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। একই সাথে অফিস সহায়ক (আউটসোর্সিং) সূর্য্যকান্ত দাসকে প্রদীপ কুমার সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন সময়ে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের নিকট হতে অতিরিক্ত টাকা আদায় করে। শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলজী এর অধ্যক্ষ গত মাসের ২৭ আগষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। আট সদস্যের এক তদন্ত কমিটি অধ্যক্ষ বরাবর বিধী মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ০২ সেপ্টম্বর রিপোর্ট দাখিল করে। এছাড়াও প্রতিষ্ঠানের ডেন্টাল বিভাগের ইন্সট্রাক্টর (এম টি) কার্তিক গোপাল বিশ^াস ও কম্পিউটার ও আইসিটি ইন্সট্রাক্টর (এমটিএসআই) সরফরাজ খান সোহাগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে শিক্ষার্থীরা। তাদের অভিযোগে প্রাথমিকভাবে তদন্ত কমিটি সত্যতা নিশ্চিত করেছেন মর্মে রিপোর্টে উল্লেখ করেন তদন্ত টিম।
জানা যায়, অফিস সহায়ক (আউটসোর্সিং) সূর্য্যকান্ত দাসকে প্রাতিষ্ঠানিকভাবে চাকুরি থেকে বরখাস্থ করে কর্তৃপক্ষ। সরফরাজ খান সোহাগ চুয়াডাঙ্গা জেলায় পূর্বের ন্যায় স্বাস্থ্য সহকারি পদে স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়েছে। এদিকে ডেন্টাল বিভাগের ইন্সট্রাক্টর (এম টি) কার্তিক গোপাল বিশ^াস ছাত্রীদের যৌন হয়রানি করাসহ নানা অভিযোগে আত্মগোপনে যান তিনি। ছাত্রীদের মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন বলে জানা যায়। এসব অপকর্মের সেল্টার দিতেন হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকার। তিনি প্রতিষ্ঠানটির হিসাব রক্ষক হওয়ায় অধ্যক্ষের সাথে ছিল তার গভীর সম্পর্ক। ফলে যখন যে অধ্যক্ষ আসতেন তাকে দিয়েই সমস্যা ম্যানেস করে নিতেন।
৫আগষ্ট ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এসব অভিযোগ উঠে আসে। শিক্ষার্থীদের অভিযোগের এক পর্যায়ে তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানটির কতিপয় কর্মচারিরা। এলাকাবাসীর পক্ষে বাবলু, মিজানুর, হাসান, শাহীনসহ অনেকে এদের ব্যাপারে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেয়। সেখানে তারা সরকারি চাকুরিসুলভ আচরণ ও প্রভুত্ব কায়েম নিয়ে প্রশ্ন তোলেন। তারা হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নতুন নিয়োগ প্রাপ্ত দুই জনের কাছ থেকে যোগদান পত্র আটকে রেখে দুই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেন এবং এসকল অপকর্মে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকার ১৯৯৩ সালের ২২ ডিসেম্বর অফিস সহকারি হিসেবে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হিসাব রক্ষক হন। এর পর তার ভাগ্য বদলায়। ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহ ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। তৎকালীন অধ্যক্ষের সাথে সখ্যতা তৈরী করে আইএইচটিতে আসেন প্রদীপ কুমার সরকার। প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর থেকে এ পর্যন্ত নানা অনিয়ম করেছেন তিনি। প্রভাব বিস্তার করার পাশাপাশি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তিনিসহ মোট চারজনের বিরুদ্ধে (৩ সেপ্টেম্বর) পাঁচ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব রক্ষক হিসেবে কর্মরত। তিনি ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুরে বসবাস করেন।
শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমি ১ম সেমিস্টারের ছাত্র। আইএইচটিতে ভর্তি হওয়ার পর আমার কাছে বাড়তি ১ হাজার টাকা চেয়েছিল হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকার। কি বাবদ টাকা দিতে হবে জানতে চাইলে তিনি বলেন এখানে দীর্ঘদিন লেখাপড়া করবা, এখানে থাকতে হবে, আমরা তোমাদের দেখে রাখব। পরে অনুরোধ করে ৫শত টাকা দিয়ে মুক্তি পান তিনি।
হুমায়রা খাতুন শিথী নামে এক শিক্ষার্থী জানান, তাদের কাছ থেকে ১ হাজার করে বাড়তি টাকা নিয়েছেন হিসাব রক্ষক প্রদীপ কুমার সরকার। টাকা না দিলে ভর্তি কনফার্ম হবে না বলে ভয় দেখানো হত কিন্তু এই টাকা নেওয়ার কোন নিয়ম নেই। এভাবে করে তিনি প্রতি সেমিস্টারে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বছর ভর্তির সময় টাকা নিয়েছেন তিনি। ছাত্র/ছাত্রীদের বাড়ি দেশের বিভিন্ন জেলাতে হওয়ায় প্রথমে এসে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তার বিরুদ্ধে আমরা শতাধিক শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়াও তিনি লেখাপড়া শেষ করে সার্টিফিকেট নিতে আসা কতিপয় শিক্ষার্থীদের কাছে থেকে ২ থেকে ৫ হাজার টাকা নিয়ে সার্টিফিকেট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কোটা বিরোধী আন্দোলনে এক সমন্বয়ক বলেন, আমরা নতুন বাংলাদেশ বি-নির্মাণে রাজপথে সংগ্রাম করেছি। আমাদের ছাত্ররা জীবন দিয়েছে। সকলের প্রচেষ্ঠায় দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। অনিয়ম দুর্ণীতিবাজ কর্মচারী যেখানেই যাবে সেখানে বিষফোঁড়ায় পরিণত হবে। তাই তাদেরকে শাস্তির দাবি করেন তিনি।
অভিযুক্ত প্রদীপ কুমার সরকারের মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।
এ বিষয়ে আইএইচটি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রেজিনা আহম্মেদ বলেন, ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে সব ঘটনা তদন্ত করা হয়েছে। প্রায় সব অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। দুই জন প্রতিষ্ঠান থেকে বদলি হয়েছেন। একজন আত্মগোপনে আছেন। আউটসোর্সিং এর একজনকে প্রতিষ্ঠান থেকে বরখাস্থ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে তদন্ত টিমের প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আরও জানান।

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত সবের্শ্বর বর্মনের পুত্র হরষিত বর্মন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে একই যে সকল তখ্য প্রদান করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। কোন সংবাদ সম্মেলন না করেও সংবাদ সম্মেলনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে । প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের প্রতিপক্ষদের সাথে জায়গা জমি নিয়ে দির্ঘদিন বিরোধ চলে। সেই সুযোগ কাজে লাগি ঐ মহলটি ফায়দা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন তিনি আরও জানান, একই এলাকার অমুল্য বর্মনের পুত্র সুশান্ত বর্মনের সাথে জায়গা জমি ও মৎস্যঘের সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে বিভিন্ন ভাবে হয়রানী করছে । সে ইতিপুর্বে আওয়ামীলীগ সরকারের আমলে তাদের লোকের মাধ্যমে আমাদেরকে নানাভাবে হয়রানী করে। এমনকি প্রভাব বিস্তার করে প্রশাসন দিয়ে আমাদেরকে ব্যাপক ক্ষতি সাধন করেছে সে। সুশান্ত বর্মন জামায়াত বিএনপির লোকদের বিরুদ্ধে বিগত দিনে মিথ্যা মামলা সহ পুলিশ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করে। যা তদন্তকালে মিথ্যা প্রমানিত হয়। এত কিছুর পরেও এখন আমাকে সহ এলাকার অনেক নিরিহ মানুষকে হয়রানী করছে। ঐ জায়গা জমি ও মৎস্যঘের নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট সে বিগত দিনে একাধিকবার অভিযোগ দায়ের করলে সেখানে শালিশ বৈঠকে আমাদের পক্ষে রায় প্রদান করেন। পুলিশ প্রশাসনও আমাদের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সে এলাকার অসংখ্য নিরিহ লোকদের নানাভাবে হয়রানী করে থাকে । সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তপুর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানানো হয়েছে।