নিজস্ব প্রতিনিধি
ফিল্মি স্টাইলে পিকআপ চালিয়ে বাংলাদেশ-ভারতের সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় পিকআপ (ডই২৫গ৪০৩৭) ঘোজাডাঙায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। এতে ক্রসিং গেটসহ ৩টি রোড ডিভাইডার, ১টি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং তাদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।











































