Home আঞ্চলিক ৫ লাখ টাকার চুক্তিতে কোটি টাকার জমি দখলের ফেনালাপ ফাঁস

৫ লাখ টাকার চুক্তিতে কোটি টাকার জমি দখলের ফেনালাপ ফাঁস

11


নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ লাখ টাকার বিনিময়ে কোটি টাকার জমি দখল করিয়ে দেওয়ার জন্য একটি দল মাঠে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব সরালিয়া গ্রামের লাল মিয়া তালুকদারসহ ভুক্তভোগী ৩০টি পরিবারের সদস্যরা শনিবার এমন অভিযোগ তুলেছেন। এরইমধ্যে ৫ লাখ টাকা চাওয়ার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিও কথোপকথনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে মোরেলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম ও পৌর মহিলা দলের সভানেত্রী মুক্তা খানম মাহমুদার ছবি। ভুক্তভোগীরা বলেন, একটি মহল বিএনপির কয়েকজন নেতাকে ভাড়া করেছেন প্রায় ১০ একর ৩৩ শতক জমি দখলের জন্য। ওই নেতারা পক্ষটির কাছে ৫ লাখ টাকায় জমি দখল করিয়ে দেওয়ার চুক্তি করেছেন। বিবাদমান জমির মূল্য কোটি টাকার বেশি। লাল মিয়া জানান, এরইমধ্যে তাদের প্রতিপক্ষ একই গ্রামের আলী আকাব্বরের লোকজন নিয়ে মারপিট করে বিবাদমান জমির কিছু অংশ জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দায়ের হয়েছে।
লাল মিয়া অভিযোগ করে আরো বলেন, প্রতিপক্ষের লোকেরা জমি দখলে নিতে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতাকে ৫ লাখ টাকার চুক্তিতে ভাড়া করেছেন। যার ফোনালাপ ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপির একটি অংশও ওই ফোনালাপের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার জন্য ফেসবুকে লেখালেখি করছেন।
ভাইরাল হওয়া ফোনালাপের বিষয়ে বিএনপি নেতা শিকদার ফরিদুল ইসলাম ও মুক্তা খানম মাহমুদা পৃথক পৃথক প্রেস ব্রিফিংয়ে বলেন, এটা তাদের জমি দখলের বিষয়ে কোনো আলাপ নয়। একটি মহল পানি ঘোলা করে সুবিধা নেয়ার জন্য বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিভক্ত বিএনপির দুই গ্রুপ ও জমির দাবিদার পক্ষ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।