স্পোর্টস ডেস্ক
কানপুর টেস্টের ভেন্যু গ্রিন পার্কের পিচ কিউরেটর শিব কুমার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে। সবার জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে, প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। এরপর শেষ তিন দিন স্পিনাররা সহায়তা পাবেন।’ বোদ্ধা বিশ্লেষকদেরও ধারণা কানপুরে তৃতীয় দিন থেকে রাজত্ব চলবে স্পিনারদের। এ জন্য দুই দলই স্কীকৃত তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বলে ধারণা। তবে ভারত ক্রিকেট দলের সহকারী কোচ অভিষেক নায়ারের কথায় রহস্য। গতকাল সংবাদ সম্মেলনে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে জানতে চাওয়া হয়, চেন্নাইয়ের তুলনায় কানপুরে বাংলাদেশের স্পিনারদের ভালো করার সম্ভাবনা কতটুকু? জবাবে নায়ার বলেন, ‘আমি আসলে কিছু প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশায় বিশ্বাসী নই। ফলে নির্দিষ্ট দিনে কী হবে, তা দেখতে অপেক্ষায় আছি আমি। কন্ডিশন নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে।’ চেন্নাইয়ে ভারতের কাছে ২৮০ রানে হারের ম্যাচে দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলায় বাংলাদেশ- সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ভারতের দুই ইনিংস মিলিয়ে উইকেট পাননি। মিরাজ দুই ইনিংস মিলিয়ে নেন ৩ উইকেট। অন্যদিকে ভারতের স্পিনাররা নেন মোট ১১ উইকেট। কানপুরে বাংলাদেশের স্পিনারদের কেমন করতে পারেন, এ প্রশ্নের উত্তরে অভিষেক নায়ার বলেন, ‘আমি আসলে কিছু প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশায় বিশ্বাসী নই। ফলে নির্দিষ্ট দিনে কী হবে, তা দেখতে অপেক্ষায় আছি আমি। কন্ডিশন নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে। আগে থেকেই ভেবে বসে থাকলে চলবে না যে বল টার্ন (বাঁক) করবে অনেক, সিম করবে অনেক। ফলে আগে থেকে কিছু জানেন না আপনি।’ অভিষেক বলেন, ‘প্রথম দিনে পিচ কন্ডিশন বুঝতে হবে। এরপর ম্যাচ নিয়ে এগোতে হবে। যে রকমভাবে আসবে, সেভাবেই নিতে চাই আমরা। আগে থেকেই ভেবে বসে থাকতে চাচ্ছি না কিছু।’ কানপুরে পিচের আচরণ ভিন্ন হলেও প্রস্তুত ভারত। অভিষেক নায়ার বলেন, ‘যেকোনো ক্রিকেটার যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আসলে এখানে ভালো বা খারাপ পরিস্থিতির ব্যাপার নয়, এখানে মাঠে গিয়ে কী মোকাবিলা করতে হবে, তা হচ্ছে ব্যাপার। যখন পরিস্থিতি কঠিন হবে, তখনই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ছেলেরা অনেক দিন ধরে খেলছে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেই তারা আরও ভালো হয়ে উঠতে পারবে।’ গ্রিন পার্কের উইকেট নিয়ে বলা হচ্ছে, সেখানে বাউন্স বেশিক্ষণ পাওয়া যায় না। ম্যাচে সময় গড়ানোর সঙ্গে বাউন্সও কমতে থাকে। অভিষেকের কথায়ও সেই আভাস পাওয়া গেল। তিনি বলেন, ‘আমি এখনো জানি না কোন পিচে খেলা হবে। দুটি পিচই আমার ভালো লেগেছে। কানপুরে সব সময়ই ভালো পিচ থাকে। বাউন্সের ব্যাপারটি নিয়ে নিশ্চিত নই যদিও। টেস্ট ক্রিকেটে আবহাওয়ার পূর্বাভাস, কন্ডিশনের ওপর পিচের আচরণ নির্ভর করে থাকে। আশা করি আগামীকাল রোদ থাকবে, মেঘলা থাকবে না।’











































