Home জাতীয় নজরুল-প্রমীলার স্মৃতিবিজরিত তেওতা জমিদার বাড়ি

নজরুল-প্রমীলার স্মৃতিবিজরিত তেওতা জমিদার বাড়ি

42

খুলনাঞ্চল রিপোর্ট।।

যমুনা নদী পাড়ে নজরুল-প্রমীলার স্মৃতিবিজরিত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। দেশের পুরাকীর্তি স্থাপনার মধ্যে তেওতা জমিদার বাড়ি অন্যতম। এ বাড়িটির ঐতিহাসিক নির্দশন এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটি প্রত্নতত্ব বিভাগের সংরক্ষণে থাকলেও সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ায় অপার সম্ভাবনাময় এই জমিদার বাড়িটি দিনদিন সংকুচিত হচ্ছে।

তেওতা জমিদার বাড়ির বয়স ৩শ’বছর ছাড়িয়েছে। সপ্তদশ শতকের শুরুতে পাচুসেন নামের পিতৃহীন দরিদ্র এক কিশোর তার সততা আর চেষ্টায় তামাকের ব্যবসা করে বিপুল ধন-সম্পদ অর্জন করেন। দরিদ্র পাচুসেন দিনাজপুরের জয়গঞ্জে জমিদারী কিনে হয়ে যান পঞ্চানন সেন। তারপর শিবালয়ের তেওতায় ৭.৩৮ একর জমির ওপর তিনি জমিদার বাড়ি তৈরি করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করেন হেমশংকর ও জয়শংকর নামের দুজন ব্যক্তি।
জমিদার বাড়ির মূল ভবনের উত্তর দিকের ভবনগুলো নিয়ে হেমশংকর এস্টেট এবং দক্ষিণ দিকের ভবনগুলো নিয়ে জয়শংকর এস্টেট। প্রতিটি এস্টেটের সামনে বর্গাকৃতির অট্টালিকার মাঝখানে আছে নাটমন্দির। পূর্বদিকের লালদিঘী বাড়িটি জমিদারদের অন্দরমহল। অন্দরমহলের সামনে দুটি শানবাঁধানো ঘাট। দক্ষিণ পাশের ভবনের নিচে রয়েছে চোরা কুঠুরী, যাকে এলাকার মানুষ বলে অন্ধকূপ। উত্তর ভবনের সামনে দাঁড়িয়ে আছে ৪ তলা বিশিষ্ট ৭৫ ফুট উচ্চতার নবরত্ন মঠ। ভারতীয় উপমহাদেশ বিভক্তির পরে তারা ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়।

জনশ্রুতি রয়েছে, জমিদার কিরণশঙ্কর রায়ের আমন্ত্রণে একবার নজরুল তার অতিথি হয়ে তেওতা গ্রামে আসেন। সে সময় পরিচিত হন প্রমীলা দেবীর সঙ্গে। যার সঙ্গে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল। এছাড়া, ১৯২২ সালের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে নজরুলের লেখা ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে। তারপর প্রমীলাকে নিয়ে তিনি তেওতা গ্রামে আত্মগোপন করেন। আত্মগোপনে থাকতে আসলেও দুরন্ত নজরুল অবশ্য ঘরের কোনে বসে থাকেননি। যমুনার ছোঁয়ায় গড়ে ওঠা সবুজ শ্যামল পাখিডাকা তেওতা গ্রামে ছুটে বেরিয়েছেন।

লিখেছেন গান, কবিতা। আর নজরুল প্রমীলার প্রেমে পড়ে লিখেছিলেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ…. অথবা, মোর প্রিয়া হবে এসো রাণী দেব খোঁপায় তারার ফুল।’

নজরুল গবেষক রফিকুল ইসলাম জানান, তেওতার জমিদারদের স্থানীয়ভাবে বলা হতো বাবু। আর তাদের বিশাল পুকুর ঘিরে তাল গাছ থাকায় বলা হতো তালপুকুর। প্রাচীর ডিঙিয়ে এই পুকুর পাড়ের গাছ থেকে একটি বালক লিচু চুরি করতে গিয়ে মালি ও কুকুরের তাড়া খাওয়ার প্রত্যক্ষদর্শী হিসাবে নজরুল ‘লিচু চোর’ কবিতাটি রচনা করেছেন। এ ছাড়াও তেওতা গ্রামের পাশ দিয়ে যমুনা নদীর স্মৃতিতে বেশ কিছু গান ও কবিতা লিখেছেন তিনি। যেমন: নীল শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কেন প্রেম যমুনা আজি হলো অধীর, আজি দোল ফাগুনে দোল লেগেছে…..বৃন্দাবনে প্রেম যমুনায়, যমুনা কূলে মধুর মধুর মুরলী সখি বাজিল ইত্যাদি।

সাভার থেকে ঘুরতে আসা মহিদুর-জুঁই দম্পত্তি জানায়, ‘অনেক ভিডিও দেখেছি এই জমিদার বাড়ি নিয়ে। তাই আমরা দুজনে এখানে ঘুরতে চলে আসলাম। আসার পর দেখলাম বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনগুলো দীর্ঘদিন বেদখল থাকায় এর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কোনো শৌচাগার, খাবারের জন্য কোনো রেস্তোরাও নেই। এগুলো থাকলে অনেক ভালো হতো।’

জমিদার বাড়ি নিয়ে গবেষণা করছেন শিক্ষক অজয় কুমার চক্রবর্তী। তিনি জানান, ‘তেওতা জমিদার বাড়িটি ৭.৩৮ শতক জমির ওপর নির্মিত হয়েছে ৩০০ বছরের বেশি সময় আগে। এটি মানিকগঞ্জের ঐতিহাসিক নির্দশন। এর সঙ্গে মিশে আছে নজরুল-প্রমীলার অনেক স্মৃতি। তাছাড়া, পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এখনো দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে দর্শনার্থীরা আসেন। এটাকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা ছিল। সরকার এদিকে সুদৃষ্টি দিলে অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হতো তেওতা জমিদার বাড়ি।’

নজরুল গবেষক মিয়াজান কবির বলেন, ‘বিয়ের আগে ও পরে কাজী নজরুল ইসলাম বেশ কয়েকবার তেওতায় এসেছেন। তেওতা জমিদার বাড়িতে প্রতিদিনই দর্শনার্থীর সমাগম ঘটে। তবে দর্শনার্থীদের জন্য কোন সুযোগ সুবিধা এখানে নেই। এই ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে এখানে ভবণগুলো সংষ্কার করতে হবে। আর দর্শনার্থীদের থাকার জন্য এখানে একটি ডাকবাংলো নির্মাণের দাবি জানান তিনি।’

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান, ‘তেওতা জমিদার বাড়ি ও জায়গা প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতাধীন। কাজেই এখানে কোনো প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টি অধিদফতরের ওপর ন্যস্ত। ঊর্দ্ধতন কর্মকতাদের লিখিতভাবে জানানো হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

অনেক জায়গাজুড়ে সুবিশাল প্রাসাদ থাকার পরও শুধু কর্তৃপক্ষের অবহেলার কারণে এখানে পর্যটন শিল্প গড়ে ওঠেনি। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি হতে পারে মানিকগঞ্জের একটি চমৎকার পর্যটন কেন্দ্র।