স্টাফ রিপোর্টার।।
পাইকারি বাজারে তিন দিনের ব্যবধানে ইলিশের দাম প্রতি মণে ৬ থেকে ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। আবার আকার ও প্রকারভেদে কেজি প্রতি ২০০ থেকে ৩৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ওই মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার পর এ মূল্যবৃদ্ধি ঘটছে। ফলে বাজারে সরবরাহ কমেছে।
ইলিশের আড়ৎ ঘুরে দেখা গেছে, কেজি আকারভেদে এক কেজির বেশি ইলিশ প্রতি মণ ৭৩ হাজার টাকা, এক কেজি সাইজের প্রতি মণ ইলিশ ৬৮ হাজার টাকা, এলসি সাইজ ৬২ হাজার টাকা, ৬০০ গ্রামের নিচের (ভ্যালকা) ইলিশ ৫২ হাজার টাকা ও ঝাটকা ৩৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, গত শনিবার এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ ৬৮ হাজার টাকা, এক কেজি সাইজের ইলিশ ৫৮ হাজার টাকা, এলসি সাইজের (৬০০ গ্রামের ওপর থেকে ৯০০ গ্রাম) ইলিশ ৫৩ হাজার টাকা, ৬০০ গ্রামের নিচের ইলিশ ৪৫ হাজার টাকা ও ঝাটকা প্রতি মণ ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। হঠাৎ করে গত সোমবার থেকে মণপ্রতি ৬ হাজার থেকে ১০ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বাজারের খুচরা বিক্রেতা মাসুম হাওলাদার বলেন, সারা বছরই ইলিশের দাম চড়া ছিল। গত কয়েক দিনে মোকামে ইলিশের সরবরাহ কিছু বৃদ্ধির সঙ্গে সঙ্গে দামও কমতে শুরু করছিল। কিন্তু ভারতে ইলিশ রপ্তানির ঘোষণা পর থেকেই ইলিশের দাম যেমন বেড়েছে, তেমনি করে বাজারে সরবরাহও কমেছে।
বাজারে আসা সাইফুল ইসলাম রিপন বলেন, ভারতে ইলিশ দেওয়া হবে না এমন ঘোষণার পরে ভেবেছিলাম এ বছর হয়তো একটু কম দামে ইলিশের স্বাদ নেওয়া যাবে। কিন্তু এখন দেখছি উল্টো। হঠাৎ করে ইলিশের মূল্যবৃদ্ধি পেয়েছে। বাজার থেকে ১ থেকে ২ হাজার টাকা দিয়ে এক কেজি ইলিশ কিনে খাওয়া আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ইলিশের চিন্তা বাদ দিয়েছি।
মৎস্য আড়ৎ মালিক জহির সিকদার বলেন, চলতি বছর ইলিশের সরবরাহও অনেকটা কম ছিল, যা চাহিদার চেয়ে অনেক কম। গত তিন-চার দিন ধরে গড়ে ৪০০ মণ ইলিশ বাজারে আসছে। এর আগে গড়ে দেড় থেকে ২০০ মণ ইলিশ আসত। ভারতে রপ্তানি হবে এমন ঘোষণার পর থেকেই ইলিশের দাম মণপ্রতি ৬ থেকে ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ভারতে ইলিশ রপ্তানির জন্য ব্যবসায়ীরা মজুত শুরু করেছেন। বাজারে ইলিশের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি পেয়েছে।
জহির সিকদার আরো জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ১০ টন করে ইলিশ ভারতে রপ্তানি করতে পারবে বলে তিনি জানান। অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে ভারতে ইলিশ রপ্তানি না করার ঘোষণা দিয়েছিলেন। ফলে ইলিশ রপ্তানি নিয়ে বেশ কয়েক দিন ধরেই অনিশ্চয়তা ছিল। কিন্তু সম্প্রতি কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরে উপহাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানিসংক্রান্ত আদেশ জারি করেছে।











































