খুলনাঞ্চল ডেস্কঃ
সিমেন্ট খাত নব্বইয়ের দশকেও ছিল পুরোটাই আমদানিনির্ভর। এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। রপ্তানিও হচ্ছে। এমনকি চাহিদার প্রায় দ্বিগুণ উৎপাদনক্ষমতা কারখানাগুলোর। তবে বছর দুয়েক থেকে ডলারসংকটের কারণে উৎপাদন খরচ বেড়েছে। প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে। প্রতিযোগিতার কারণে দাম বাড়াতে পারছে না কোম্পানিগুলো। ব্যয় বৃদ্ধির চাপে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশের সিমেন্ট খাত।
বেশির ভাগ সিমেন্ট কোম্পানির ব্যাংকঋণ রয়েছে। ব্যবসায় মন্দা হলেও ব্যাংকঋণের কিস্তি পরিশোধের চাপ ঠিকই আছে। অনেকে সময়মতো ব্যাংকঋণের কিস্তি দিতে না পারায় খেলাপি হয়েছেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর ব্যাংকঋণের কিস্তি পরিশোধের চাপ বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন সিমেন্ট খাতের উদ্যোক্তারা।
ডলারসংকট, ব্যাংকঋণের কিস্তি পরিশোধের চাপের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জাহাজ ভাড়াসহ পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাবেও সিমেন্ট উৎপাদনের ব্যয় বেড়েছে।
সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা বলেন, ডলারের সংকটের কারণে সিমেন্ট খাতে সমস্যা চলছে। সরকারের ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) কারণে রাজউক থেকে বাড়ি নির্মাণের অনুমোদন প্রায় বন্ধ। এর প্রভাব পড়েছে মানুষের বাড়িঘর নির্মাণ ও আবাসন খাতে। এর মধ্যে সরকারের অবকাঠামোগত প্রকল্পে অর্থায়নও নেই বললেই চলে। এ সবকিছুর প্রভাবেই সিমেন্টের বাজার স্থবির হয়ে আছে।
দেশের সিমেন্ট উৎপাদনের সক্ষমতা ৯ কোটি ৩০ লাখ টন। অথচ ব্যবহার হচ্ছে ৩ কোটি ৮০ লাখ টন। ফলে অর্ধেকের বেশি সক্ষমতা অব্যবহৃত থাকছে।
ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট মোঃ আলমগীর কবির বলেন, কঠিন প্রতিযোগিতায় পড়েছে সিমেন্ট খাত। বাজারে তীব্র প্রতিযোগিতা থাকায় সিমেন্টের দাম সে অনুপাতে বাড়াতে পারছেন না উৎপাদকরা। তার ওপর অগ্রিম আয়কর ও আমদানি শুল্কের কারণেও ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে সিমেন্ট খাত। এ অবস্থায় সামনের দিনগুলোয় সরকারি উন্নয়ন প্রকল্পের বিদ্যমান শ্লথগতি অব্যাহত থাকলে সিমেন্ট খাত বড় ধরনের বিপদে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী এ নেতা।
তিনি আরও বলেন, সিমেন্ট খাত টিকিয়ে রাখতে হলে সংশ্লিষ্টদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিশেষভাবে সরকারি নীতিসহায়তা দিয়ে এ খাত টিকিয়ে রাখতে হবে।
গ্লোবাল সিমেন্ট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বে ৪১২ কোটি ৯০ লাখ টন সিমেন্ট ব্যবহার হয়। তখন উৎপাদন সক্ষমতা ছিল ৬১৩ কোটি ৮০ লাখ টন। বাজারের আকার ছিল ৩৯৫ বিলিয়ন ডলার বা ৩৩ লাখ ৫৭ হাজার কোটি টাকা। এ আকারের বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান এখন ২০তম, দুই বছর আগেও যা ছিল ২৩তম। দেশভিত্তিক সিমেন্ট ব্যবহারে শীর্ষে রয়েছে চীন। এর পরের অবস্থান ভারতের।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রথম বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে হুন্দাই সিমেন্ট কারখানা স্থাপন করে। পরবর্তী সময়ে হাইডেলবার্গ, লাফার্জ, হোলসিম, সিমেক্স, তেইহেইয়ো এবং আল্ট্রাট্রেকের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোও এখানে তাদের কারখানা স্থাপন করে। তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার কারণে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়। আরেক প্রতিষ্ঠান একীভূতকরণের মাধ্যমে বাজারে তাদের অংশীদারত্ব ধরে রাখার চেষ্টা করে। যেমন লাফার্জ ও হোলসিম। অনেকে আবার টিকতে না পেরে বাংলাদেশে ব্যবসা বন্ধ করে দিয়েছে। যেমন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস সিমেন্ট ও মেক্সিকোভিত্তিক সিমেক্স সিমেন্ট।
নব্বই-পরবর্তী সময়ে দেশে কনফিডেন্স সিমেন্ট, হুন্দাই সিমেন্ট বাংলাদেশ, বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস, আহাদ সিমেন্ট ফ্যাক্টরি, আরামিট সিমেন্ট, সেনা কল্যাণ সংস্থার মোংলা সিমেন্ট ফ্যাক্টরি, ডায়মন্ড সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, ইস্টার্ন সিমেন্টসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপন করে সিমেন্ট উৎপাদন করছে। এর পরের দশকে আরও কিছু প্রতিষ্ঠান যেমন শাহ সিমেন্ট, এমআই সিমেন্ট ফ্যাক্টরি (বর্তমানে ক্রাউন সিমেন্ট), মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড, সেভেন সার্কেল বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ, রয়েল সিমেন্ট ও সিমেক্স সিমেন্ট বাংলাদেশ কারখানা স্থাপন করে। দেশের সিমেন্ট উৎপাদকরা ক্রমেই তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চলেছেন। আরও বেশ কিছু প্রতিষ্ঠান নতুন কারখানা চালু করেছে।
বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) তথ্যানুসারে, দেশে বর্তমানে চালু থাকা সিমেন্ট কারখানার সংখ্যা ৪০। এ কারখানাগুলোর মোট স্থাপিত সক্ষমতা ৯ কোটি ২০ লাখ টন। তবে প্রকৃত সক্ষমতা ৭ কোটি ৮১ লাখ ৭০ হাজার টন।
তবে সিমেন্ট খাতের ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছর থেকে সিমেন্টের অভ্যন্তরীণ বাজারের চাহিদা সেভাবে বাড়ছে না। ২০১৯ সালে দেশের সিমেন্ট খাতের উৎপাদনের প্রকৃত সক্ষমতা ৬ কোটি ১ লাখ ৮০ হাজার টন থাকলেও ওই বছর সিমেন্টের চাহিদা ছিল ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টন, যা মোট সক্ষমতার ৫৬ শতাংশ।
২০২০ সালে আগের বছরের মতো উৎপাদন সক্ষমতা একই থাকলেও সিমেন্টের চাহিদা কিছুটা কমে ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টন হয়, যা মোট সক্ষমতার ৫৫ শতাংশ।
২০২১ সালে দেশে সিমেন্টের উৎপাদনের সক্ষমতা ছিল ৭ কোটি ৮১ লাখ ৭০ হাজার টন। এ সময়ে মোট সিমেন্টের চাহিদা ছিল ৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টন, যা মোট সক্ষমতার ৫০ শতাংশ।
এর পরের দুই বছরে কার্যকরী সক্ষমতা একই থাকলেও কমেছে সিমেন্টের চাহিদা। এর মধ্যে ২০২২ সালে সিমেন্টের চাহিদা ছিল ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টন ও ২০২৩ সালে ৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার টন, যা মোট সক্ষমতার ৪৯ শতাংশ।
বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সূত্র জানায়, দেশে বর্তমানে সিমেন্টের বাজারের আকার ৪০ হাজার কোটি টাকারও বেশি।
২০১৪ থেকে ২০১৯ সালে সিমেন্ট খাতে ইতিবাচক প্রবৃদ্ধি ছিল। করোনার কারণে ২০২০ সালে সিমেন্ট খাতের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে থাকে। এ বছর এ খাতে দশমিক ৯৫ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়। ২০২১ সালে কোভিডের প্রভাব কাটিয়ে সিমেন্ট খাতে ১৬ দশমিক ৯৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এর পরের দুই বছর ধরেই নেতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে। ২০২২ সালে ১ দশমিক ৪০ শতাংশ ও ২০২৩ সালে দশমিক ৭৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
বিসিএমএ সূত্রানুসারে, ২০২৪ সালে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি আগের বছরের মতো একই থাকতে পারে। তবে এর পরের বছর অর্থাৎ ২০২৫ সালে সর্বোচ্চ ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে পারে বলেও হিসাব কষা হয়েছে।











































