Home খেলাধুলা শেষ মিনিটের গোলে বাংলাদেশের হার

শেষ মিনিটের গোলে বাংলাদেশের হার

33


নিজস্ব প্রতিবেদক

ভুটানের থিম্পুতে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। খেলার শেষ মিনিটের গোলেই হেরেছে কিশোররা। ভারতের পক্ষে সুমিত শর্মা জয়সূচক গোলটি করেছেন। এই হারে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সমীকরণ কঠিন হয়ে গেল বাংলাদেশের।

আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফুট ওপরে চাংলিমিথাং স্টেডিয়াম। ভুটানের উচ্চতার সঙ্গে মানিয়ে ভালো খেলছিল বাংলাদেশের বয়সভিত্তিক দলের ফুটবলাররা।

কিন্তু অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি তারা। ৫১ মিনিটে মোর্শেদ আলী সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন। ভারতীয়রাও গোলের সুযোগ তৈরি করে সফল হতে পারছিল না। তবে খেলার অন্তিম মুহূর্তে বাংলাদেশের হৃদয় ভাঙে ভারতীয়রা। দারুণ ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করেন সুমিত শর্মা।