বিনোদন ডেস্ক।।
অভিনয়জীবনের ২৫ বছর পার করলেন কারিনা কাপুর। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন বলিউডের এ নামজাদা অভিনেত্রী। অভিনয় করেছেন সমসাময়িক সব তারকার সঙ্গেই।
ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয় মুম্বাইতে। সেখানে হাজির হয়েছিলেন কারিনা। নিজের ফেলে আসা ২৫ বছরের উৎযাপন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
কারিনা কাপুর বলেন, ‘আমার অনেক ছবির সাফল্যের জন্য সহশিল্পীদের কৃতিত্ব দিতেই হবে। অভিনয়শিল্পীরা একে-অপরের কর্মশক্তি বাড়িয়ে দেন। ‘যব উই মেট’, ‘ওমকারা’ কিংবা ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসাধারণ ছবিগুলোর কথা যদি বলি, আমরা বরাবরই একে-অপরকে সহযোগিতা করেছি। তাই সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আমার ক্যারিয়ারের অসাধারণ ছবিগুলোর সব সহশিল্পীকে ধন্যবাদ। তাদের ছাড়া ছবিগুলো পূর্ণতা পেত না।’
অনুষ্ঠানে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ছবি নিয়ে একটি অজানা তথ্যও জানান কারিনা। এই ছবিতে অভিনয় করে তিনি গর্বিত। জানালেন, ছবিটি মুক্তির পর নিজ উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। যেখানে মণি রত্নমের মতো প্রথম সারির নির্মাতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কারিনা।
নিজের অভিনয় নিয়ে কারিনা এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে তিনি চেয়েছেন, সেটা নির্মাতারাও দেখুক। যদিও প্রদর্শনী শেষে তার চেয়ে তার সহশিল্পী সাইফ আলি খানের প্রশংসাই বেশি শুনেছেন! কারিনা বলেন, ‘আমি সবাইকে ডেকেছিলাম আমার প্রশংসা করার জন্য, অথচ হঠাৎ দেখলাম তারা সবাই সাইফের কথা বলছে।’
২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। পরের বছর ‘কাভি খুশি কাভি গাম’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন তিনি। এরার অসংখ্য ব্যবসা সফল ছবিতে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। গত ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার’। বলিউডের সমালোচকপ্রিয় নির্মাতা হানসাল মেহতা পরিচালিত ছবিতে কারিনা অভিনয়ের দারুণ প্রশংসা শোনা যাচ্ছে।










































